২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বলাকায় বিক্ষোভ চলছে, হচ্ছে বৈঠকও

চেয়ারম্যানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে কর্মীদের বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার দুপুরে বলাকা ভবনে বিমানের পরিচালনা পর্ষদের বৈঠক বসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 08:48 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিক্ষোভের মধ্যেই আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বলাকা ভবনে বিমানের পরিচালনা পর্ষদের বৈঠক চলছে। পেনশন সুবিধাসহ পে-স্কেলের দাবিতে বিমানের কয়েকশ কর্মী বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কুর্মিটোলায় বলাকা ভবনে বিক্ষোভ করছে। দুপুরে ওই ভবনের দ্বিতীয় তলায় পরিচালনা পর্ষদের বৈঠক শুরু হয়। বৈঠকের ফাঁকে বিকালে পরিচালনা পর্ষদের সদস্য এয়ার ভাইস মার্শাল আবু এজরার বেরিয়ে এসে বিক্ষোভরত কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। তবে তা ফলপ্রসূ হয়নি। আবু এজরারের সঙ্গে আলোচনার পর সোসাইটি অফ এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার অফ বিমান এর সভাপতি মো. আখতারুজ্জামান বিকাল পৌনে ৫টায় সাংবাদিকদের বলেন, "আলোচনা ফলপ্রসূ হয়নি। আমাদের মূল দাবি একটিই। তাহলো পেনশন সুবিধাসহ আগে ঘোষিত পে স্কেল বাস্তবায়ন করতে হবে। পরে যে পে স্কেলে ঘোষণা হয়েছে, তা বাতিল করতে হবে। তা না হওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে।" তিনি দাবি করেন, সরকার ঘোষিত পে স্কেলে বিমানকর্মীদের বেতন যে পরিমাণ বেড়েছিল, তারপর বিমান পরিচালনা পর্ষদ নতুন যে পে স্কেল ঘোষণা কওে, তাতে বেতন কম বাড়ানো হয়েছে। এতে রাখা হয়নি পেনশন সুবিধাও। বিক্ষোভকারীরা ভবনের নিচ তলায় অবস্থান নিয়ে আছে। বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে র‌্যাব সদস্যরা পর্ষদের বৈঠক কক্ষের সামনে অবস্থান নিলে বিক্ষোভরত কর্মীরা উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে র‌্যার সদস্যদের সম্মেলন কক্ষের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়। র‌্যাব সদস্যরাও র্বতমানে নিচ তলায় অবস্থান নিয়ে আছে। দুপুর দেড়টার দিকে শুরু হওয়া সভায় বিমানের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদই সভাপতিত্ব করছেন। বিক্ষোভকারীরা তার পদত্যাগের দাবি জানিয়ে স্লোগান দিচ্ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ বিমানের প্রধান কার্যালয় অর্থাৎ বলাকা ভবনের আশপাশে র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। দাবি আদায়ে এর আগে গত মঙ্গলবার বলাকা ভবনে অবরোধ কর্মসূচি পালন করে বিমানকর্মীরা। সেদিন কর্মীদের দাবি-দাওয়া না মানা হলে বৃহস্পতিবার থেকে আন্দোলনের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব কার্যক্রম অচল করে দেওয়ার হুমকি দেন শ্রমিক-কর্মচারী নেতারা। এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/এমআই/১৬৪৫ ঘ.