২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিএনপির ইফতার পার্টিতে হট্টগোল

নারায়ণগঞ্জে বুধবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও ইফতার পার্টিতে তুমুল হট্টগোল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 05:54 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে বুধবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও ইফতার পার্টিতে তুমুল হট্টগোল হয়েছে। ইফতার না পেয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়ার উপস্থিতিতে নেতা-কর্মীরা কয়েক দফা বিক্ষোভ করেন। বিকালে শহরের আলী আহমদ চুনকা মিলনায়তনে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে শহর বিএনপি ও নগর যুবদল। শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনুষ্ঠানে আসা নেতা-কর্মীদের জন্য ছয়শ' প্যাকেট খাবার আনা হয়। নেতা-কর্মীদের মধ্যে আগেই দাওয়াতের কার্ড বিতরণ করা হয়েছিলো। কিন্তু ইফতারের আগে কার্ডবিহীন কয়েকশ' লোক তালা ভেঙ্গে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়লে বিশৃঙ্খলা দেখা দেয়। নগর যুবদল সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য সৈয়দা আশিকা আশরাফি পাপিয়া ও শাম্মি আখতার, জেলা বিএনপি সভাপতি তৈমূর আলম খন্দকার, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার খান, সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। প্রধান অতিথি রফিকুল ইসলাম মিয়া বলেন, "দেশে বর্তমানে আইনের শাসন বলতে কিছু নেই। আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করতে নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩৪০ ঘ.