ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর শীর্ষ চার নেতার মুক্তি দাবি করে আইন কমিশনে ই-মেইল বার্তায় হুমকি দেওয়ার ঘটনায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বুধবার রাজধানীর শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার শেখ হাফিজুর রহমান ও শাহবাগ থানার ওসি রেজাউল করিম এ দু'টি জিডি করেন।
গত ২৫ অগাস্ট আইন কমিশনের ই-মেইল ঠিকানায় এক বার্তায় হুমকি দিয়ে বলা হয়, জামায়াতের শীর্ষ চার নেতাকে ঈদের আগে মুক্তি দেওয়া না হলে একযোগে হামলা চালিয়ে দেশের গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেওয়া হবে।
ঈদের ছুটিতে এ হামলা চালানো হবে বলে ওই ই-মেইল বার্তায় হুমিক দেওয়া হয়।
এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি রেজাউল করিম।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গত ২৯ অগাস্ট জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করা হয়।
পরে গত ১৩ জুলাই জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লাকে একাত্তরে গণহত্যার অভিযোগে দায়ের করা এক মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচএ/জেবি/এইচএ/২০৪৭ ঘ.
bdnews24