ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক আব্দুস সোবহান।
যোগ্যতা যাচাই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি ওই পদের জন্য মনোনীত হন। ফলে মহাব্যবস্থাপক থেকে সরাসরি তিনি ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হলেন। পরিচালক ফরিদুল হককে তার পূর্বপদে ফেরত পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিদ্যুৎ বিভাগ থেকে আব্দুস সোবহানকে ওই পদে নিয়োগ দেওয়া হয়।
এর আগে ডিপিডিসি'র পরিচালক ফরিদুল হক ওই পদে চলতি দায়িত্বে নিয়োজিত ছিলেন। ডিপিডিসি'র ব্যবস্থাপনা পরিচালক আতাউল মাসুদ তার চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই অবসর নিলে ফরিদুল হক চলতি দায়িত্ব পান।
এ ব্যাপারে আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদ্যুৎ বিভাগ থেকে তাকে ওই পদে নিয়োগের কথা জানানো হয়েছে।
তিনি জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি পরিচালক পদে পদোন্নতির জন্য আবেদন করেছিলেন। কিন্তু তাকে বঞ্চিত করে অন্যদের পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। ফলে তিনি মহাব্যবস্থাপক পদেই থেকে যান।
এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ওয়াজেদ আলী খানকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৬৫৮ ঘ.
bdnews24