ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার মঙ্গলবার দুপুরে বিদায়ী আইজিপি নূর মোহাম্মদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
এরপর বিউগল বাজিয়ে বিদায়ী আইজিপিকে বহনকারী গাড়ীটি দঁড়ি দিয়ে টেনে পুলিশ সদরদপ্তরের বাইরে এনে তাকে বিদায় জানান পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক নব বিক্রম ত্রিপুরা ও ফনিভূষণ চৌধুরী উপস্থিত ছিলেন না।
নব বিক্রম ত্রিপুরা ১০ দিন ও ফনিভূষণ চৌধুরী ৭ দিনের ছুটিতে আছেন। নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদরদপ্তরের এক উর্ধ্বতন কর্মকর্তা এ কথা জানান।
এই দুই কর্মকর্তারই পুলিশ প্রধান নিযুক্ত হওয়ার সম্ভাবনা ছিল বলে পুলিশ বাহিনীতে গুঞ্জন ছিল।
সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে হাসান মাহমুদ খন্দকারকে নতুন আইজিপি নিয়োগ দেওয়া হয়। নূর মোহাম্মদকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
দায়িত্বভার গ্রহণের পর বিকেল সোয়া ৩টার দিকে পুলিশ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ খন্দকার বলেন, "রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবো। জনগণের প্রত্যাশিত আকাংঙ্খা বাস্তবায়নের চেষ্টা করবো।"
হাসান মাহমুদ খন্দকার বিসিএস (পুলিশ) ১৯৮২ ব্যাচের সদস্য হিসেবে ১৯৮৪ সালে পুলিশ সার্ভিসে যোগ দেন।
তিনি ১৯৮৬ সালে টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার, উপ-কমিশনার, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট, টাঙ্গাইলের পুলিশ সুপারিনটেনডেন্ট, খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ, পুলিশ সদরদপ্তরের উপ-মহা পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত মহা-পরিদর্শক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক পদে দায়িত্ব পালন করেন।
হাসান মাহমুদ খন্দকার ২০০৭ সালের ফেব্র"য়ারিতে র্যাব মহাপরিচালক নিযুক্ত হন।
র্যাবের নতুন মহাপরিচালক করা হয়েছে পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক মোখলেসুর রহমানকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/জেবি/এইচএ/১৬৪৫ ঘ.
bdnews24