বাগেরহাট, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে একটি হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রণভূমি গ্রামের তোফাজ উদ্দিন শেখের ছেলে মোহম্মদ ওরফে কালা শেখ (৪৫) এবং মফিজ উদ্দিন শেখের ছেলে জালাল শেখ (৪৬)।
একই সঙ্গে আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে।
মঙ্গলবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম এই আদেশ দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
খালাসপ্রাপ্তরা হলেন- ষাটগম্বুজ ইউনিয়নের মোহম্মদ ওরফে কালা শেখের স্ত্রী নূরজাহান বেগম (৩৫) এবং একই ইউনিয়নের সায়েড়া গ্রামের মেছের উদ্দিন ফকিরের ছেলে আমজাদ আলী ফকির (৭০) ।
রায় ঘোষণার সময় আসামিদের আদালতে হাজির করা হয়।
মামলার এজাহারে বলা হয়, পূর্ব শক্রুতার জের ধরে ১৯৯২ সালের ২৮ এপ্রিল চার আসামি লাঠিসোটা নিয়ে রণভূমি গ্রামের এনতাজ আলী শেখের (৩৫) বাড়িতে ঢুকে তাকে পিটিয়ে হত্যা করে।
এই ঘটনায় নিহতের স্ত্রী জিয়ারুন বেগম বাগেরহাট সদর থানায় চার জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বাগেরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুস সাত্তার তদন্ত শেষে ওই বছরের ২৫ সেপ্টেম্বর চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় ১৫ জনের স্বাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১৩ ঘ.
bdnews24