২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া মদিনায়

হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করতে মঙ্গলবার মদিনায় অবস্থান করছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 05:10 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করতে মঙ্গলবার মদিনায় অবস্থান করছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে ৩টার দিকে জেদ্দা থেকে বিমানে মদিনায় পৌঁছান তিনি। তার সফরসঙ্গী প্রেস সচিব মারুফ কামাল খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিরোধী দলীয় নেতা এখন মদিনায় অবস্থান করছেন। তিনি মসজিদে নববীতে ইফতার ও তারাবীহ'র নামাজ আদায় করবেন। মহানবীর রওজা মোবারক জিয়ারত করবেন তিনি।" মারুফ কামাল খান জানান, বিরোধী দলীয় নেতা মদিনায় একটি পাঁচতারা হোটেলে অবস্থান করছেন। দুইদিন পর মদিনা থেকে মক্কায় এসে বিরোধী দলীয় নেতা ওমরাহ করবেন বলে জানান প্রেস সচিব। এর আগে সোমবার বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। সেখানে দুই ঘন্টা অবস্থানের পর বিমানে মদিনায় আসেন। জেদ্দা ও মদিনায় বিমান বন্দরে বাদশাহ'র পক্ষে রয়্যাল প্রটোকল কর্মকর্তারা বিরোধী দলীয় নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিএনপির প্রবাসী শাখার নেতারাও বিমান বন্দরে উপস্থিত ছিলেন। খালেদা জিয়া সোমবার বিকাল ৪টায় সৌদিয়া এয়ার লাইন্সের বিমানে ঢাকা থেকে জেদ্দা রওনা হন। খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। তারা হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, নাতনী জাহিয়া রহমান, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, প্রেস সচিব মারুফ কামাল খান, একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ, বিশেষ সহকারি শিমুল বিশ্বাস ও আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ। মারুফ কামাল খান জানান, খালেদা জিয়া সৌদি আরব সফরকালে বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদ-এর বিশেষ রাজকীয় মেহমান হিসেবে মক্কার র‌্যায়েল প্যালেসে অবস্থান করবেন। তিনি জানান, বিরোধী দলীয় নেতা আগামী ৯ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১১০৭ ঘ.