ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার মঙ্গলবার সকালে দায়িত্বভার গ্রহণ করছেন।
বিদায়ী আইজিপি নূর মোহাম্মদ আনুষ্ঠানিকভাবে নতুন আইজিপির দায়িত্ব হস্তান্তর করবেন।
পুলিশ সদরদপ্তরের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সকাল ১১ টার দিকে পুলিশ সদরদপ্তরে দায়িত্বভার গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
ইতিমধ্যে পুলিশ সদরদপ্তর এ সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা শেষ করেছে।
সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে হাসান মাহমুদ খন্দকারকে নতুন আইজিপি নিয়োগ দেওয়া হয়। নুর মোহাম্মদকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
র্যাবের নতুন মহাপরিচালক করা হয়েছে পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক মোখলেসুর রহমানকে।
হাসান মাহমুদ খন্দকার বিসিএস (পুলিশ) ১৯৮২ ব্যাচের সদস্য হিসেবে ১৯৮৪ সালে পুলিশ সার্ভিসে যোগ দেন।
তিনি ১৯৮৬ সালে টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার, উপ-কমিশনার, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট, টাঙ্গাইলের পুলিশ সুপারিনটেনডেন্ট, খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ, পুলিশ সদরদপ্তরের উপ-মহা পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত মহা-পরিদর্শক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক পদে দায়িত্ব পালন করেন।
হাসান মাহমুদ খন্দকার ২০০৭ সালের ফেব্র"য়ারিতে র্যাব মহাপরিচালক নিযুক্ত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এইচএ/২৩৫৫ঘ.
bdnews24