দিনাজপুর, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়োগ নিয়ে বিক্ষুব্ধ সুইপাররা সোমবার দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে ভাংচুর করেছে। তার ওই কার্যালয়ে নর্দমার ময়লাও ঢেলে দিয়েছে।
সুইপারদের অভিযোগ, সিভিল সার্জন অর্থের বিনিময়ে জাত সুইপারদের বাদ দিয়ে বাঙালিদের নিয়োগ দিয়েছেন। তবে সিভিল সার্জন এ অভিযোগ অস্বীকার করেছেন।
সকাল ১১টায় বিক্ষুদ্ধ সুইপাররা সিভিল সার্জন কার্যালয়ে আসে প্রতিবাদ জানাতে। সিভিল সার্জন না থাকায় উত্তেজিত হয়ে তারা নর্দমার ময়লা এনে বারান্দায় ঢেলে দেয়। এ সময় সুইপাররা কয়েকটি অফিসে ভাংচুরও চালায়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সুইপার রাজেশ, জয়শ্রী, সুমিতা ও ময়না জানান, ১৯টি সুইপার পদে নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা নেওয়া হয় গত ২৫ অগাস্ট। গত ২৯ অগস্ট রোববার নিয়োগপত্র দেওয়া হয়।
তারা বলেন, ১৯ জনের মধ্যে মাত্র চারজন জাত সুইপার নিয়ে অবশিষ্ট পদে বাঙালিদের নিয়োগ দেওয়া হয়।
সিভিল সার্জন দেড় থেকে দুই লাখ টাকার বিনিময়ে বাঙালিদের নিয়োগ দিয়েছেন বলেও তারা অভিযোগ করেন।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাত সুইপারসহ যথাযথ কোটা অনুসরণ এবং মন্ত্রী-এমপিদের সুপারিশে এ নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিভিল সার্জন অফিসে লোক নিয়োগের ব্যাপারে তার কোনো সুপারিশ নেই। নিজের অপকর্ম ঢাকতে সিভিল সার্জন মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন।
দিনাজপুরের আরেক সাংসদ মনোরঞ্জন শীল গোপাল বলেন, তার কাছে অভিযোগ এসেছে সিভিল সার্জন ডা. আব্দুল করিম ২-৩ লাখ টাকা নিয়ে নিয়োগ বাণিজ্য করেছেন। তিনি এ নিয়োগ বাতিলের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩২ ঘ.
bdnews24