২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় কর্ণফুলী সেতু সেপ্টেম্বরে চালু

চট্টগ্রামে তৃতীয় কর্ণফুলী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে ৮ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী সেতু উদ্বোধন করবেন বলে জানিয়েছেন এর প্রকল্প পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 04:37 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

চট্টগ্রাম, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে তৃতীয় কর্ণফুলী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে ৮ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী সেতু উদ্বোধন করবেন বলে জানিয়েছেন এর প্রকল্প পরিচালক। প্রকল্প পরিচালক বিধান চন্দ্র ধর সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁর চট্টগ্রাম সফরসূচি চূড়ান্ত করা হয়েছে।" নতুন সেতু উদ্বোধনের পর পার্শ্ববর্তী শাহ আমানত ব্রিজটি খুলে নেয়া হবে বলেও জানান তিনি। রাজনৈতিক রশি টানাটানির পর ২০০৬ সালের অগাস্ট মাসে নির্মাণ কাজ শুরু হয় কাঙ্খিত তৃতীয় এ কর্ণফুলী সেতুর নির্মাণ কাজ। গত বছরের সেপ্টেম্বরে এ সেতুর নির্মাণ কাজ শেষ হবার কথা থাকলেও অ্যাপ্রোচ সড়কের কারণে তা হয়নি। ২০০৬ এর ১৯ জুলাই চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামে একটি কোম্পানির সঙ্গে এ সেতু নির্মাণে চুক্তি হয়। বিধান চন্দ্র জানান, ৫৯০ কোটি টাকা এ সেতুর প্রাক্কলিত ব্যয় ধরা হলেও খরচ হয়েছে ৩৮০ কোটি টাকা। এতে সাশ্রয় হয়েছে ২১০ কোটি টাকা। চার লেন বিশিষ্ট এ সেতুর দৈর্ঘ্যে ৯৫০ মিটার, প্রস্থে ২৪ দশমিক ৪০ মিটার। কেবল স্টেইড টাইপের সেতু বাংলাদেশে এই প্রথম। তৃতীয় কর্ণফুলী সেতু ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ সেপ্টেম্বর শিকলবাহা পিকিং পাওয়ার প্ল্যান্ট, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও নতুন আদালত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরসূচি সম্পর্কে জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১১টায় তৃতীয় কর্ণফুলী সেতু উদ্বোধনের পর শিকলবাহায় ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট এবং দুপুরে চট্টগ্রাম নতুন আদালত ভবনের উদ্বোধন করবেন। এছাড়া দুপুরে প্রধানমন্ত্রী শিকলবাহায় একটি জনসভায়ও অংশ নেবেন বলে জেলা প্রশাসক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২৩০ ঘ.