টাঙ্গাইল, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দুটি বাস ও একটি ট্রাকের সংঘর্ষে দুজন মারা গেছেন।
আহত হয়েছে আরো অন্তত ২০ জন।
সোমবার সকালে উপজেলার আছিমতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
হতাহতদের পরিচয় জানা যায়নি।
গোড়াই হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি বাস ও গাজীপুরগামী আরো একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যায়।
আহতদের মধ্যে ১২ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল এবং আটজনকে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮০৯ ঘ.
bdnews24