২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকি: পটলের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছালো

এনবিআরের আয়কর ফাঁকির মামলায় বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান পটলের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 12:03 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এনবিআরের আয়কর ফাঁকির মামলায় বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান পটলের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পিছিয়েছে। সোমবার মামলার শুনানিতে পটলের আইনজীবী ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে বলে আদালতকে অবহিত করে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সময় চান। শুনানির সময় জোট সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পটল আদালতে উপস্থিত ছিলেন। পটলের অপর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৫ মার্চ এ মামলায় সমঝোতা চেয়ে এনবিআরে আবেদন করেন ফজলুর রহমান পটল। এখনো এর নিষ্পত্তি হয়নি। আদালতকেও তিনি এ বিষয়টি অবহিত করেছেন বলে জানান। রাষ্ট্রপক্ষে ছিলেন বিশেষ সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর হোসেন দুলাল। ঢাকার এক নম্বর বিশেষ জজ এ এফ এম আমিনুল ইসলাম শুনানি শেষে মামলার অভিযোগ গঠনের জন্য আগামী ২০ অক্টোবর তারিখ ধার্য করেন। চলতি বছরের ১ মার্চ এনবিআরের উপ-কর কমিশনার মিজানুর রহমান ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পটলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন । আদালত ওইদিনই পটলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই মামলায় পটল গত ৮ মার্চ হাইকোর্টে জামিনের আবেদন করেন। হাইকোর্ট তাকে আট সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। সেইসঙ্গে এই সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার ও হয়রানি না করারও নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী পটল গত ২৮ মার্চ ঢাকার জেষ্ঠ বিশেষ জজ আদালত থেকে জামিন নেন। মামলায় অভিযোগ করা হয়, ফজলুর রহমান পটল ২০০৫-০৬ করবর্ষে জমাকৃত রিটার্নে তার বিভিন্ন ব্যাংকে জমা ও জমার বিপরীতে প্রাপ্ত সুদসহ মোট ২৫ লাখ ৯৩ হাজার ২৮০ টাকার হিসাব গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন। পটলের পক্ষে শুনানিতে আরও অংশ নেন অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেবি/এইচএ/১৭৫২ ঘ.