২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার খোকার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা

সম্পত্তির হিসাব বিবরণী জমা না দেওয়ার অভিযোগে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 07:51 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির হিসাব বিবরণী জমা না দেওয়ার অভিযোগে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বেলা ১১টার দিকে রমনা থানায় দুদকের সহকারী পরিচালক মো. শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন থানার ওসি শিবলি নোমান। এর আগে একই অভিযোগে রোববার সকালে রমনা থানায় খোকার মেয়ে সারিকা সাদেকের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের সহকারী পরিচালক মো. শামসুল ইসলামই ওই মামলা দায়ের করেন। ওসি শিবলি নোমান আরো জানান, দুর্নীতি দমন আইন-২০০৯ এর ২৬ (২) ধারায় সম্পতির হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে ইশরাকের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। একই অভিযোগে সারিকা সাদেকের বিরুদ্ধেও মামলা হয়েছে। ইশরাকের মামলা সম্পর্কে বাদী শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের ৪ সেপ্টেম্বর ইশরাক হোসেনকে তার সম্পদের বিবরণী জমা দেওয়ার নোটিশ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সাত কর্মদিবসের মধ্যে তার সম্পদের বিবরণী জমা দেওয়ার কথা। তবে ইশরাক হোসেন তা না দিয়ে হাইকোর্টে একটি রিট করেন। তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নোটিশটির ওপর স্থগিতাদেশ দেয়। গত এপ্রিলে ওই স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়েছে। তারপর প্রয়োজনীয় প্রস্তুতি শেষে মামলাটি দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, ইশরাকের বাবা মেয়র খোকার সরকারি বাসভবন ২০- হেয়ার রোড এবং ৪/১ গোপীবাগ প্রথম লেনে অবস্থিত তাদের পৈত্রিক বাড়িতে নোটিশটি পাঠানো হয়। দুদক কর্মকর্তা শামসুল বলেন, "ইশরাক হোসেনের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচুর স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে যা উপার্জনের বৈধ উৎস নেই। এ কারণে তাকে নোটিশটি ইস্যু করা হয়েছিলো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/এজে/১৪১১ ঘ.