২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহেল ও কালার ১০ দিন রিমান্ড চেয়েছে ডিবি

যুবলীগ নেতা ইব্রাহিমের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার সোহেল আহমেদ ও কালাম হোসেন কালাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 06:49 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম) - যুবলীগ নেতা ইব্রাহিমের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার সোহেল আহমেদ ও কালাম হোসেন কালাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এ আবেদন জানিয়ে সোমবার দুপুরে তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। ইব্রাহীমের মৃত্যুর ঘটনায় গত রোববার সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের ব্যক্তিগত সচিব (পিএস) সোহেল আহমেদ ও গাড়িচালক কালাম হোসেন কালাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। এদিকে শের-ই-বাংলা নগর থানায় শাওনের গাড়িচালক কালার করা অপমৃত্যু মামলার প্রতিবেদন সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশেই প্রতিবেদনটি পাঠানো হয়েছে বলে জানান ডিবি কর্মকর্তা মাহবুবুর। গত ১৩ অগাস্ট শাওনের আগ্নেয়াস্ত্রের গুলিতে যুবলীগ নেতা ইব্রাহিম আহমেদের মৃত্যু হয়। সেদিনই শের-ই-বাংলা নগর থানায় একটি টাইপ করা এজাহার নিয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেন কালা। অন্যদিকে শাওন, কালাসহ আটজনের বিরুদ্ধে আদালতে ১৮ অগাস্ট একটি হত্যামামলা দায়ের করেন ইব্রাহিমের ভাই মাসুম আহমেদ শাওন। আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী কোনো অদেশ না দিয়ে আগে গাড়িচালক কালার করা অপমৃত্যু মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের আদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১২৪৯ ঘ.