ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওমরাহ হজ পালন করতে সোমবার সৌদি আরব যাচ্ছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এজন্য বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিয়া এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইটে খালেদা জিয়া রওনা হবেন বলে তার প্রেস সচিব মারুফ কামাল খান জানিয়েছেন।
রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বিকাল ৪টায় খালেদা জিয়া সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। প্রথমে তিনি মদিনা মনোয়ারাতে হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন। এরপর মক্কায় ওমরাহ পালন করবেন।"
খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, নাতনী জাহিয়া রহমান, ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও আলোকচিত্রী নূরুউদ্দিন আহমেদ।
মারুফ কামাল খান আরো জানান, খালেদা জিয়া সৌদি আরব সফরকালে বিশেষ রাজকীয় মেহমান হিসেবে মক্কার রয়্যাল প্যালেসে অবস্থান করবেন। দেশে ফিরবেন আগামী ৯ সেপ্টেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এজে/কেএমএস/০৯২৫ ঘ.
bdnews24