২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের শারীরিক শাস্তি বন্ধে নীতিমালা হচ্ছে

শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া বন্ধে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 04:25 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া বন্ধে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। রোববার মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এক বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। বৈঠকে হাইকোর্টের রায়ে উল্লেখ করা ১৪টি শারীরিক শাস্তির ঘটনা তদন্তের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি দেওয়া বন্ধে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের সহায়তা চাওয়া হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমানুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রচলিত সব আইনের সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নে প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আরো যাচাই-বাছাইয়ের জন্য আগামী ১৫ দিনের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। তিনি আরো জানান, শারীরিক শাস্তি বন্ধে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য নীতিমালা তৈরি করতে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) এ কমিটির আহ্বায়ক। এর অন্য সদস্যরা হলেন- প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ), নায়েমের প্রতিনিধি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রতিনিধি। অন্যান্যের মধ্যে শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক, অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নিতাই চন্দ্র সূত্রধর, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বৈঠকে যোগ দেন। গত ৯ অগাস্ট শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া নিষিদ্ধ করে। এতে বলা হয়, শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া অসদাচরণ হিসাবে গণ্য করা হবে। শারীরিক শাস্তি প্রদানকারীদের বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০, ১৯৭৪ সালের শিশু আইন অনুযায়ী জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ব্যবস্থা নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএনএস/এইচএ/২২১৫ ঘ.