চট্টগ্রাম, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোংরা পরিবেশে ভেজাল লাচ্ছা সেমাই তৈরির দায়ে চট্টগ্রামের দুটি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কারখানা দুটি থেকে ৭ মণ ভেজাল সেমাইও জব্দ করা হয়।
নির্বাহী ম্যজিস্ট্রেট কুল প্রদীপ চাকমা রোববার দুপুরে নগরীর ডাবলমুরিং থানার আগ্রাবাদে মেট্রো লাচ্ছা সেমাই ও ম্যান্স কর্পোরেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
প্রতিষ্ঠান দুটির বাংলাদেশ মান নিয়ন্ত্রক সংস্থার (বিএসটিআই) অনুমোদন রয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের একটি দল এবং বিএসটিআই কর্মকর্তারা অভিযানে সহায়তা করেন।
কুল প্রদীপ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নোংরা পরিবেশে খাওয়ার অনুপোযুক্ত সেমাই তৈরির অপরাধে কারখানা মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএসটিআই এর লাইসেন্স থাকার পরও অত্যন্ত নোংরা পরিবেশে ভেজাল সেমাই তৈরি করছিলো কারখানা দুটি।
জব্দ করা সেমাই পরীক্ষা করে কারখানা দুটির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এএনএস/পিডি/২০০৯ ঘ.
bdnews24