২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব মামলা নিষ্পত্তিতে আলাদা বেঞ্চ হবে: আইনমন্ত্রী

শুধু রাজস্ব বিরোধ নিয়ে হাইকোর্টে করা মামলা নিষ্পত্তির জন্য ঈদের পরই দুটি আলাদা বেঞ্চ গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 10:50 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু রাজস্ব বিরোধ নিয়ে হাইকোর্টে করা মামলা নিষ্পত্তির জন্য ঈদের পরই দুটি আলাদা বেঞ্চ গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। এ বেঞ্চ দুটির কাজ হবে শুল্ক, মূল্য সংযোজন কর ও আয়কর সংক্রান্ত মামলা নিস্পত্তি করা। তিনি বলেন, "রাজস্ব বিরোধ নিষ্পত্তির জন্য দুটি আলাদা (ডেডিকেটেড) বেঞ্চ গঠনের ব্যাপারে প্রধান বিচারপতিকে অনুরোধ জানানো হয়েছে। তিনি রাজি হয়েছেন। ঈদের পরই আলাদা দুটি বেঞ্চ গঠন করা হবে।" রোববার অর্থ মন্ত্রণালয়ে রাজস্ব সংক্রান্ত 'বিকল্প বিরোধ নিষ্পত্তি' বিষয়ক কমিশন গঠন সংক্রান্ত একটি খসড়ার ওপর আলোচনার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাব অনুযায়ী, রাজস্ব সংক্রান্ত বিষয়ে প্রায় ১৮ হাজার ৪৩৮ টি বিরোধ রয়েছে। এ জন্য সরকারের সাড়ে তিন হাজার কোটি টাকা আটকে রয়েছে। বিরোধগুলোর মধ্যে এনবিআরে বিভাগীয় মামলা রয়েছে ১২ হাজার ৩৩২টি, আপিল আদালতে ৫ হাজার ৫০০ টি, হাইকোর্টে ৬০৫টি এবং আপিল বিভাগে একটি মামলা রয়েছে। হাইকোর্টে বর্তমানে দুটি বেঞ্চে রাজস্ব সংক্রান্ত বিরোধ নিস্পত্তির পাশাপাশি অন্য বিরোধও নিস্পত্তি হয়। তবে নতুন গঠন করা বেঞ্চে শুধু শুল্ক, মূল্য সংযোজন কর ও আয়কর সংক্রান্ত মামলা নিস্পত্তি করা হবে। এদিকে 'বিকল্প বিরোধ নিষ্পত্তি' বিষয়ক কমিশন গঠনের খসড়া পূর্ণাঙ্গ নয়-এ মন্তব্য করে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, "এতে বিরোধ নিষ্পত্তিতে আরো সময় লাগবে।" বেসরকারি খাত থেকে আরো মতামত নিয়ে ঈদের পর খসড়া চূড়ান্ত করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/কেএমএস/১৬৪৮ ঘ.