ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমিজমা নিয়ে সংঘর্ষে আহত আবু জাফর ভুইয়া (৫০) মারা গেছেন।
শনিবার দুপুরে ঢাকায় কমফোর্ট হাসপাতালে তার মৃত্যু হয়। আবু জাফর সদর উপজেলার চাপুইর গ্রামের আব্দুল হাসিম ভূইয়া ছেলে।
গত বৃহষ্পতিবার তিনি আহত হয়েছিলেন।
সদর থানার ওসি হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহষ্পতিবার আবু জাফর ভূইয়ার সমর্থকদের সঙ্গে প্রতিবেশী মজিবুর রহমান ভূইয়ার সমর্থকদের সংঘর্ষ হয়।
ওই সময় আবু জাফরসহ কয়েকজন আহত হন।
আবু জাফরকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং পরে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় থানায় প্রথমে দাঙ্গা হাঙ্গামার মামলা এবং পরে হত্যা মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.
bdnews24