২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সবার টেলিটক ব্যবহার করা উচিত'

টেলিটক দেশি প্রতিষ্ঠান হওয়ায় দেশের সবার এ সংযোগ ব্যবহার করা উচিত বলে মন্তব্য করেছেন টেলিযোগযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 12:48 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

নরসিংদী, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিটক দেশি প্রতিষ্ঠান হওয়ায় দেশের সবার এ সংযোগ ব্যবহার করা উচিত বলে মন্তব্য করেছেন টেলিযোগযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। শনিবার দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়ে টেলিটক বাংলাদেশ লিমিটেডরে গ্রাহকসেবাকেন্দ্র উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন। বাংলাদেশ সচিবালয় থেকে সরবরাহ করা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মোবাইল ফোন নম্বরের তালিকা থেকে জানা গেছে, টেলিযোগযোগমন্ত্রী গ্রামীণফোনের সংযোগ ব্যবহার করেন। বাংলাদেশ টেলি রেগুলেটরি কমিশনের তথ্য অনুযায়ী গত জুলাই পর্যন্ত টেলিটকের গ্রাহক সংখ্যা ১১ লাখ ৪৭ হাজার। একই সময়ে দেশের শীর্ষ মোবাইল অপরেটর গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা দুই কোটি ৭২ লাখ ৭৬ হাজার। অনুষ্ঠানে টেলিযোগযোগমন্ত্রী জানান, গত ২০০৭ ও ২০০৮ সালে টেলিটক একশ ৬০ কোটি টাকা লোকসান দিয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর টেলিটকের গ্রাহক সংখ্যা বেড়েছে এবং লোকসান পুষিয়ে সাত কোটি টাকা লাভ হয়েছে। চীনের সঙ্গে ২শ ১১ বিলিয়ন ডলারের একটি চুক্তি হয়েছে জানিয়ে রাজু বলেন, "এ চুক্তির মাধ্যমে যে টাকা আসবে তা দিয়ে সারা বাংলাদেশে থার্ড জেনারেশন (থ্রিজি) নেটওয়ার্কের ব্যবস্থা করা হচ্ছে। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে থ্রিজি চালু হলে সব জায়গায় ইন্টারনেটের গতি বাড়বে।" টেলিটক বাজারে আসার কলরেট কমেছে বলেও দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, "আগামীতে রেট কমানোর চেষ্টা করা হবে যাতে জনগণ উপকৃত হয়।" অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক অমৃত বাড়ৈ, পুলিশ সুপার ড. আক্কাছ উদ্দীন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এসএ হাদী, নরসিংদী জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নম রুহুল আমিন, মেসার্স সাকির এন্ড ব্রাদার্স ও টেলিটক সার্ভিস সেন্টারের স্বত্তাধিকারী হাজী আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮৩৩ ঘ.