ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত চালু হওয়া ওয়াটার বাস সার্ভিসে আগামী তিন থেকে চার মাসের মধ্যে আরো ১০টি নতুন বাস যুক্ত হচ্ছে।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ কথা জনিয়ে বলেন, নিটোল-নিলয় গ্র"পের সঙ্গে ভারতের ম্যারোলিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস যৌথভাবে এসব ওয়াটার বাস তৈরিতে বিনিয়োগ করবে।
গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত ওয়াটার বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গাবতলী ল্যাণ্ডিং স্টেশনে এক অনুষ্ঠানে মন্ত্রী এ বাস সার্ভিসের উদ্বোধন করেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) নিজস্ব অর্থায়নে তুরাগ ও বুড়িগঙ্গা নামের এ দুটি ওয়াটার বাস তৈরি করে। এ দুটি বাস এখন থেকে প্রতিদিন দেড় ঘন্টার নিয়মিত বিরতিতে গাবতলী থেকে সদরঘাট টার্মিনাল পর্যন্ত চলাচল করবে। প্রতিদিন সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ সার্ভিস চলবে।
গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত পৌঁছতে ওয়াটার বাস দু'টি আপাতত: সোয়ারীঘাট ও খোলামুড়া ল্যান্ডিং স্টেশনে থামবে। সদরঘাট থেকে সোয়ারীঘাট পর্যন্ত ১০ টাকা, সোয়ারীঘাট থেকে খোলামুড়া ১০ টাকা এবং খোলামুড়া থেকে গাবতলী পর্যন্ত ১০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত এ ভাড়া ৩০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, "বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর অত্যন্ত নিুমানের দু'টি নৌযান দিয়ে সার্ভিসটি চালু করে। যা পরবর্তীতে বন্ধ হয়ে যায়।"
তিনি বলেন, "বর্তমান সরকার ঢাকা শহরের ওপর যানবাহনের চাপ কমাতে এবং যানজট নিয়ন্ত্রণে এ নৌপথটি আবারো চালু করেছে। প্রাথমিকভাবে দুটি ওয়াটার বাস দিয়ে সার্ভিসটি চালু করেছে। ইতোমধ্যে বেসরকারি উদ্যোক্তা হিসেবে নিটোল-নিলয় গ্র"প এগিয়ে এসেছে। আগামী তিনমাসের তারা আরো ১০টি বাস চালু করবে।"
তিনি আরো বলেন, "একসময় আমাদের দেশে নৌপথ ছিল প্রায় ২৪ হাজার কিলোমিটার। কিন্তু বর্তমানে তা মাত্র চার হাজার কিলোমিটারে এসে দাঁড়িয়েছে। আমরা আমাদের নৌপথকে কল্যাণকর কাজে ব্যবহার করতে পারিনি। বর্তমান সরকার নৌপথগুলোকে খনন করে তা চালু করার উদ্যোগ নিয়েছে।"
শাজাহান খান বলেন, "সরকার দু'টি বডির ওপর ওয়াটার বাস (ক্যাডাম্যারান) তৈরি করবে। এসব বাস ডুবে যাওয়ার ঝুঁকিমুক্ত। তাই এসব বাস চাঁদপুর, পটুয়াখালী ও বরিশাল রুটে চালু করা হবে।
নৌ-পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, আসলামুল হক, গোলাম কিবরিয়া টিপু ও হাবিবুন নাহার, নিটোল-নিলয় গ্র"পের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া ও বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৭২২ ঘ.
bdnews24