গাজীপুর, অগাস্ট ২৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে শুক্রবার রাতে একটি পোশাক কারখানায় ডাকাতি হয়েছে। ডাকাতরা কারখানার একজন নৈশ প্রহরীকে হত্যা করেছে।
শুক্রবার গভীর রাতে সদর উপজেলার কাশিমপুরের বাড়েন্ডা এলাকায় পারপেল ফ্যাব্রিক্স লিমিটেড নামের পোষাক কারখানায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নৈশ প্রহরীর নাম হামিদুল ইসলাম (৪৫)। তার বাড়ী গাইবান্ধার ঝৈলতলী গ্রামে।
চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মো. আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সোয়া ২টার দিকে ৩০-৪০ জনের একদল সশস্ত্র ডাকাত কারখানার সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে।
"তারা কারখানার পাঁচ নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে তাদের মুখে স্কচ টেপ আটকে দেয়। এ সময় নাকেও স্কচ টেপ আটকানোর ফলে হামিদুল ঘটনাস্থলেই মারা যায়।"
পরে ডাকাতরা কারখানার ভেতর থেকে বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিরাপত্তাকর্মীদের উদ্ধার করে এবং স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়।
এ ঘটনায় কারখানার প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান শনিবার দুপুরে জয়দেবপুর থানায় মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৬০৪ ঘ.
bdnews24