২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহিমের মৃত্যু: তদন্তে প্রশ্ন এখন একটি

যুবলীগ কর্মী ইব্রাহিমের মৃত্যুর ঘটনার তদন্ত প্রায় গুছিয়ে এনেছে গোয়েন্দা পুলিশ। বর্তমানে একটি বিষয় নিয়ে তদন্ত করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 08:38 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

লিটন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ কর্মী ইব্রাহিমের মৃত্যুর ঘটনার তদন্ত প্রায় গুছিয়ে এনেছে গোয়েন্দা পুলিশ। বর্তমানে একটি বিষয় নিয়ে তদন্ত করছে। মোট চারটি প্রশ্নকে সামনে রেখে তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। এর তিনটির জবাব ইতিমধ্যে মিলেছে। গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্ত্রটি কার হাত দ্বারা ব্যবহৃত হয়েছে এটাই এখন মূল তদন্তের বিষয়। বাকি বিষয়গুলোর সমাধান হয়ে গেছে। তিনি জানান, ইব্রাহিম মৃত্যুর ঘটনার পর শের-এ-বাংলা নগর থানায় যে অপমৃত্যু মামলা হয়েছে সে ব্যাপারে প্রতিবেদন দাখিলের জন্য আদালতের নির্দেশ রয়েছে। দুই একদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি জানান, মোট চারটি বিষয়কে নিয়ে তদন্ত শুরু হয়। এই চারটি বিষয়ের প্রথমটি-ঘটনাস্থল সংসদ ভবন এলাকা কিনা, দ্বিতীয়টি- ঘটনা গাড়িতেই ঘটেছে কিনা, তৃতীয়টি- সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের যে অস্ত্রটি জব্দ করা হয়েছে সেই অস্ত্রের গুলিতে ইব্রাহিম মারা গেছে কিনা এবং চতুর্থটি-ইব্রাহিম গুলিবিদ্ধ হওয়ার সময় অস্ত্রটি কে ব্যবহার করেছিল। শেষেরটি ছাড়া বাকি তিনটির জবাব পাওয়া গেছে উল্লেখ করে মাহবুবুর রহমান জানান, সংসদ ভবন এলাকায় সংসদ সদস্য শাওনের গাড়িতে এবং শাওনের অস্ত্রের গুলিতেই ইব্রাহিমের মৃত্যু হয়েছে-এই বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া গেছে। এখন শুধু অস্ত্রটি কে ব্যবহার করেছিল সে বিষয়ে তদন্ত চলছে। এ প্রশ্নের জবাব পাওয়া গেলেই মামলার তদন্ত শেষ হবে বলে জানান তিনি। গোয়েন্দা কর্মকর্তা জানান, ইব্রাহিমের ভাই আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলাটি গ্রহন করার পর আদালত শের-এ-বাংলা নগর থানায় শাওনের গাড়ি চালকের দায়ের করা অপমৃত্যু মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য বলেছে। আদালতের নির্দেশে দুই একদিনের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে উল্লেখ করে মাহবুবুর রহমান জানান, এরপর ইব্রাহিমের ভাইয়ের দায়ের করা হত্যা মামলার ব্যাপারে আদালত কি নির্দেশ দেয় সে অনুযায়ী গোয়েন্দা পুলিশ কাজ করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ পর্যন্ত যে সব তথ্য পাওয়া গেছে তার সবটাই আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ থাকবে। "তবে এখন যে বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে সে বিষয়টির ফলাফল পেতে আরো কিছু সময় লাগবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৪৩৬ ঘ.