ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাঁচায় পোষা 'বাজরীগার' পাখি নিয়ে শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মেলা বসেছে।
প্যারোকিট প্রজাতির পাখির দিনব্যাপী এই মেলা মূলতঃ পাখি প্রেমিকদের প্রতিযোগিতা ও প্রদর্শনীর। এর আয়োজক হচ্ছে- বাজরীগার সোসাইটি অব বাংলাদেশ (বিএসবি)।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইয়ীদ সকাল সাড়ে ১১টায় এই মেলা ও প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময়ে সংগঠনের প্রধান উপদেষ্টা আজিজুল হক ফরহাদ, উপদেষ্টা বুলবুল আহমেদ ও নাহিদ রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতায় 'বাজরীগার' খাঁচা নিয়ে ৩২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। আর প্রদর্শনীতে অংশ নিয়েছেন অর্ধশতাধিক পাখিপ্রেমী।
বাজরীগার পাখি অত্যন্ত চঞ্চল প্রকৃতির। অস্ট্রেলিয় এই পাখি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপে মানুষ খাঁচায় পোষে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এখন এর বাণিজ্যিক চাষ হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
অস্ট্রেলিয়ার বনের বাজরীগার পাখি দেখতে সবুজ হলেও খাঁচায় প্রজনন শুরু হওয়ার পর এর পালকে নানা রঙের সমাহার ঘটে। প্রদর্শনীতে সাদা, হলুদ, নীল, বেগুনি, অলিভ, গ্রে, আসমানী, ফিরোজা রঙের পাখি এসেছে।
বাজরীগার সোসাইটির প্রধান উপদেষ্টা আজিজুল হক ফরহাদ জানান, এ পাখি চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। আমাদের দেশে এটি একটি শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সারা বিশ্বেই বিদেশী পোষা পাখি প্রজনন (এভিকালচার) একটি স্বীকৃত শিল্প এবং বিশ্ব বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।
বাজরীগার পাখির বৈজ্ঞানিক নাম- মেলোপসিট্রাকাস আনডুলেটাস। অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিম ও পূর্ব উপকুলীয় অঞ্চলে এর আদিবাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৪১৫ ঘ.
bdnews24