ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার বেগমবাজার ও মৌলভিবাজারে শনিবার ভেজাল গুড়, লাচ্ছা সেমাই ও তালমিছরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব।
দুপুর পৌনে ১২টার দিকে ম্যাজিস্ট্রেট এডিএম আনোয়ার পাশার নেতৃত্বে র্যাব-২ অভিযান চালিয়ে ৬ নম্বর বেগমবাজার এবং ৭ নম্বর ও ৩৬ নম্বর মৌলভিবাজারে এসব ভেজাল পণ্যের তিনটি কারখানা, চারটি গুদাম ও দুইটি প্যাকেজিং কারখানার সন্ধান পায়।
সেখান থেকে ৫০০ কিলোগ্রাম ভেজাল গুড়, ১৫০০ কিলোগ্রাম লাচ্ছা সেমাই এবং ৪ হাজার কিলোগ্রাম তালমিছরি জব্দ করা হয়। এসব কারখানা সিল গালা করে দেওয়া হয়েছে।
এ ঘটনায় আট জনকে আটক ও ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আটককৃতরা হলো মো. রবিন সরদার (২৮), ইপতি হোসেন মুন্না (২০), মো. ইয়াসিন (২২), আফাজ উদ্দিন (২৭), মোসলেউদ্দিন (২৮), মো. ইমন (১৮), মো. মনির (১৮), মো. এনায়েত (২০)।
ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিটাগুড়ে হাইড্রোজ ও রং ব্যবহার করে নকল খেজুরের গুড় বানানো হয়। এছাড়া সেমাই অপরিচ্ছন্ন জায়গায় তৈরি করে বিভিন্ন ব্র্যান্ডের নামে প্যাকেটজাত করা হয়।
তিনি জানান, তালমিছরি অত্যন্ত নোংরা পরিবেশে তৈরি করে ভারতের দুলালচন্দ্র ভড়ের তালমিছরি হিসেবে প্যাকেটজাত করা হয় এবং প্যাকেটের উপর 'মেড ইন ইন্ডিয়া' লেখা থাকে।
একটি গুদাম থেকে টাটা রিং চিপসের কাঁচামাল ও প্যাকেটও উদ্ধার করা হয় বলে জানান তিনি। প্যাকেটের উপর বিএসটিআই'র সিলও রয়েছে।
বিএসটিআই কর্মকর্তা কূজন কর্মকার বলেন, "এ চিপসগুলোর উপর বিএসটিআইয়ের সিল থাকলেও সিলগুলো নকল।"
র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিউল সারোয়ার বলেন, "কারখানাগুলোর মালিক মনির হোসেন পলাতক রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/কেএমএস/১৪৫৭ ঘ.
bdnews24