নরসিংদী, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে।
তারা সবাই টেটাবিদ্ধ হয়েছে।
এলাকাবাসী জানায়, দুর্গম এই চর এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে হরিপুর গ্রামের বাসিন্দা সুবিদ আলীর সঙ্গে পার্শ্ববর্তী দড়িগাঁও গ্রামের জসিম উদ্দিনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার ভোর ৬টার দিকে মাইকিং করে দু'পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
দুপুর ১ টা পর্যন্ত টানা সংঘর্ষ চলে। উভয়পক্ষই টেটা, বল্লমসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে। এ সময় ৪০ জন টেটাবিদ্ধ হয়।
রায়পুরা থানার ওসি আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের খবর পেয়ে দুই প্লাটুন পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে যায়। তারা সংঘর্ষ থামানোর জন্য নানাভাবে চেষ্টা চালায়। এমনকি হ্যান্ডমাইকে গুলিবর্ষণের ভয় দেখিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।
পরে নরসিংদীর সহকারী পুলিশ সুপার (এএসপি) সৈয়দ আবু সায়েমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ বেলা ১ টার দিকে ঘটনাস্থলে যায়। শক্তি বৃদ্ধির পর পুলিশ মারমুখী অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ওসি আরো জানান, গ্রেপ্তার এড়াতে আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর, ছলিমগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার ভৈরবে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭০৭ ঘ.
bdnews24