২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া-গোপালগঞ্জে সংঘর্ষে আহত ৮০

ব্রাহ্মণবাড়িয়া ও গোপালগঞ্জে বৃহস্পতিবার গ্রামবাসীদের সংঘর্ষে অন্তত ৮০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 06:42 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়া ও গোপালগঞ্জে বৃহস্পতিবার গ্রামবাসীদের সংঘর্ষে অন্তত ৮০ জন আহত হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মোবাইল ফোন সেট নিয়ে বিরোধের জেরে চার গ্রামের লোকজনের সংঘর্ষে সাত পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। ভাংচুর হয়েছে অন্তত ২৫টি বাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস শেল ছোড়ে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বর্নি বিশ্বরদী ও মীরেরডাঙ্গি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: ব্রাহ্মণবাড়িয়া: প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ইছাপুরা ইউনিয়নের তুলাতলা মসজিদের ইমাম আলম খান একটি মোবাইল ফোন সেট কিছুদিন আগে ইছাপুরা গ্রামের কাইয়ুমকে মেরামতের জন্য দেন। কাইয়ুম মোবাইল ফোনটি হারিয়ে ফেলেছে বলে ইমামকে জানান। এ নিয়ে বৃহস্পতিবার আইরল বাজারে ইমামের পক্ষের তুলাতলা গ্রামের মোক্তার মিয়া মারধর করেন কাইয়ুমকে। আইরল গ্রামের কয়েকজন কাইয়ুমের পক্ষ নিয়ে মোক্তারকে মারধর করলে দুপুর ১২টায় আইরল ও তুলাতলা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এই সংঘর্ষ পাশের চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া, পেটুয়াজুরি ও ইছাপুরা ইউনিয়নের ইছাপুর গ্রামেও ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় আইরল গ্রামের লোকজন সাবেক ইউপি চেয়ারম্যান শহিদ মিয়ার বাড়ি, ইছাপুরা গ্রামের সরদার ফুল মিয়ার বাড়িসহ ২৫টি বাড়ি ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে প্রথমে ব্যর্থ হয়। এক পর্যায়ে ৫০ রাউন্ড রাবার বুলেট ও ২৫ রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে বিকালের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে বিজয়নগর থানার ওসি দুলাল মাহমুদ, উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম, কনস্টেবল সাইফুর রহমান ও শাহিনসহ প্রায় ৫০ জন আহত হয়। এদের মধ্যে আলফু (৩৫), কালন (৩২), জাহাঙ্গীর (২৫), লিটন (৩০), এলাস মিয়া (৪০), হারুন (৪০) ও রহিছ মিয়াকে (২৫) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সঞ্জয় সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জ: বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুকসুদপুর উপজেলার বর্নি বিশ্বরদী ও মীরেরডাঙ্গি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, দিগনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম ওরফে সাগর মোল্লা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির মোল্লার সমর্থকদের মধ্যে গত ১০ বছর ধরে বিরোধ চলে আসছে। বুধবার সাগর গ্র"পের দায়ের করা একটি মামলায় কবির মোল্লার চার সমর্থককে কারাগারে পাঠায় আদালত। এ নিয়ে এলাকায় দু' গ্র"পের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওইদিন বিকাল ৫ টায় দু'পক্ষের সমর্থকদের মধ্যে এক দফা সংঘর্ষও হয়। এর জেরে বৃহস্পতিবার সকাল ৯টায় দু' পক্ষের মধ্যে আবার সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে অন্তত ৫টি বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়। পুলিশ দুপুর ১২ টার দিকে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে দিনা বেগম (৪০), আসমা বেগম (৪৫), সাহাদাত মোল্লা (৩২), টিটু মোল্লা (৩০), তারা চোকদার (২৫), বিল্লাল মোল্লাকে (৩২) স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুকসুদপুর থানার ওসি এ কে এম লিয়াকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০৩৬ ঘ.