ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যানজট নিরসনে আগামী শনিবার থেকে চালু হচ্ছে ওয়াটার বাস সার্ভিস।
ঢাকার সদরঘাট থেকে গাবতলী নৌ-পথে প্রথমবারের মতো দু'টি ওয়াটার বাস চালু করা হবে।
শনিবার সকাল ১০টায় গাবতলী ল্যান্ডিং স্টেশন থেকে এ সার্ভিসের উদ্বোধন করবেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
'তুরাগ' ও 'বুড়িগঙ্গা' নামে দু'টি ওয়াটার বাস প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেড় ঘণ্টার নিয়মিত বিরতিতে সদরঘাট, সোয়ারী ঘাট, খোলামুড়া, বছিলা ও গাবতলী রুটে চলাচল করবে।
নৌ-পরিবহনমন্ত্রী জানান, এ রুটের যাত্রীদের জন্য সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। তবে খোলামুড়া ও বছিলা থেকে ভাড়া আরো কম হবে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুটি ওয়াটার বাস দিয়ে প্রাথমিকভাবে এ সার্ভিস শুরু করা হচ্ছে। পরবর্তীতে এ রুটসহ ঢাকার চারদিকের নৌ-পথেই ওয়াটার বাস চালু করা হবে।"
ঢাকার চারপাশের নদীগুলোকে ওয়াটার বাস চলাচলের উপযোগী করে তুলতে এ সব নদীর ১৩টি সেতুর মধ্যে নিচু সেতুগুলো ভেঙ্গে সংস্কার ও উঁচু করার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান শাজাহান খান ।
তিনি বলেন, এ ব্যাপারে দ্রুত কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩৮ দশমিক ৩৮ ফুট দীর্ঘ, ১১ দশমিক ৪৮ ফুট প্রস্থ ও চার দশমিক ৬০ ফুট গভীরতার প্রতিটি ওয়াটার বাসে ৩৫ জন করে যাত্রী চলাচল করতে পারবে।
দুই ইঞ্জিন বিশিষ্ট এসব ওয়াটার বাসের প্রতিটি ইঞ্জিন ৭৫ অশ্বশক্তির। এগুলো প্রতি ঘন্টায় ১২ নটিক্যাল মাইল বা ২২ দশমিক ৪৮ কিলোমিটার গতিতে চলতে সক্ষম।
সে অনুযায়ী সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত পৌঁছতে সময় লাগবে ৫০ মিনিট। সদরঘাট থেকে গাবতলীর দূরত্ব ১৬ দশমিক ৫০ কিলোমিটার।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ওয়াটার বাস দু'টি নির্মাণে ব্যয় হয়েছে এক কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। দেশীয় প্রতিষ্ঠান থ্রি-অ্যাঙ্গেল মেরিন কনসালটেন্ট এ বাসগুলো নির্মাণ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এইচএ/২২৩০ ঘ.
bdnews24