২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকের সঙ্গে মিল রেখে চাই মানানসই গহনা

ঈদে পোশাকের সঙ্গে মানানসই গহনা না হলে সাজটাই বৃথা হয়ে যায়। তাই ফ্যাশন সচেতন মেয়েরা পোশাকের সঙ্গে মিল রেখে গহনা কিনতে কার্পণ্য করছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 12:22 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

জান্নাতুল ফেরদাউস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঈদে পোশাকের সঙ্গে মানানসই গহনা না হলে সাজটাই বৃথা হয়ে যায়। তাই ফ্যাশন সচেতন মেয়েরা পোশাকের সঙ্গে মিল রেখে গহনা কিনতে কার্পণ্য করছে না। ঈদে যারা অন্যদের চেয়ে একটু আলাদাভাবে নিজেকে সাজাতে চায়, এবার আদিবাসীদের ডিজাইনে তৈরি গহনার প্রতিই তাদের আগ্রহটা বেশি। সেদিকে লক্ষ্য রেখে বেশিরভাগ বিক্রেতাই এবার এ ধরনের গহনার পসরা সাজিয়েছেন। মৌচাক, নিউমার্কেট, রাপা প্লাজা, মেট্রো শপিং মলসহ বেশ কয়েকটি মার্কেট ঘুরে এ দৃশ্য দেখা গেছে। এছাড়া গহনার শো রুমগুলোতো রয়েছেই। মাদুলি, আড়ং, কে জেড, এরাবিয়ানস, মায়াসির, পিরানসহ বেশিরভাগ ফ্যাশন হাউজে একই দৃশ্য। চাঁদনী চকের সুলতানাস জুয়েলার্স হাউজের স্বত্ত্বাধিকারী আব্দুল মান্নান বলেন, "ফ্যাশন হাউজের বদৌলতে আদিবাসী পোশাক এবং গহনা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই এখন ক্রেতাদের চাহিদাও এ ধরনের গহনার প্রতি বেড়েছে। চাহিদার কথা মাথায় রেখে সরবরাহও তাই বেশি।" চাঁদনী চকের নিউ জড়োয়া হাউজে গোল্ড প্লেটেড গহনা কিনতে এসেছেন গৃহিনী সুরাইয়া সাফকাত চৌধুরী। ঈদে শাড়ির সঙ্গে ম্যাচিং আর পছন্দের ডিজাইন পেয়ে যাওয়ায় একটু দাম দিয়েই গোল্ড প্লেটেড গহনা কিনেছেন তিনি। তিনি বলেন, "এমনিতে ইমেটিশন কিনলে শাড়ির সঙ্গে ম্যাচিং হবে ঠিকই, কিন্তু পছন্দের ডিজাইন পরা হবে না। আবার আউটলুক এ ভিন্নতা আনতে হলেও গোল্ড প্লেটেড গহনা চাই। দামের ক্ষেত্রেও ইমেটিশনের সঙ্গে খুব বেশি তারতম্য হয় না।" রাপা প্লাজায় জামার সঙ্গে ম্যাচিং অক্সিডাইজের ইমেটিশনের গহনা কিনতে এসেছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্রী সানিয়া সুভাত। তিনি একেবারে ড্রেসের সঙ্গে ম্যাচিং পাথরের গহনা না কিনে বরং অক্সিডাইজের গহনাকে বেশি পছন্দ করেন। তিনি বলেন, "এ গহনাতে চেহারায় জবরজং ভাব থাকে না। বরং ট্রেন্ডি একটা লুক আসে। ঈদে কে-না চায় নিজেকে অন্যদের চেয়ে আলাদা লাগুক।" বরাবরের মতোই ভারতীয় কুন্দনের গহনার চাহিদা এবারও আছে। একটু গর্জিয়াস সাজে নিজেদের সাজাতে সবাই এ ধরনের গহনা পছন্দ করছেন। চাঁদনী চকের ফ্যাশন লাইফ শো-রুমের বিক্রেতা জুলহাস আলম বলেন, "ভারতীয় কুন্দন, জয়পুরী পাথরের গহনার চাহিদা বরাবরই থাকে। এগুলো গর্জিয়াস গহনা। আবার দামেও তুলনামূলক সস্তা। তাই ক্রেতারা আকৃষ্ট হয় বেশি।" পাথরের হাতের চুড়ি, গলার বড় মালা, ব্রেসলেট, কানের বড় দুল- ফ্যাশনের সব অনুষঙ্গ কেনাকাটাতেই ঈদ মার্কেট বেশ জমে উঠেছে। সকলেই ঈদের পোশাকের সঙ্গে মানানসই গহনা খুঁজে পেতে পার করে দিচ্ছে ঘন্টার পর ঘন্টা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএএ/১৮১৩ ঘ.