রাজশাহী, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে পবা উপজেলার দুয়ারী বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পবা উপজেলার বাগধানী গ্রামের নূর হোসেন (৩০)। অপর জনের পরিচয় পাওয়া যায় নি।
আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
পবা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুলু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁপাইনবাবগঞ্জের আমনূরা থেকে রাজশাহীগামী পিপি পরিবহণের যাত্রীবাহী একটি বাস দুয়ারী বিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। পুকুরটি ১০-১২ ফুট গভীর ছিলো।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় রাজশাহী ফায়ার সার্ভিসের একটি দল এবং পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে।
উদ্ধার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান জুলু মিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৫২৬ ঘ.
bdnews24