ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের ১৫ থেকে ১৯ মার্চ দেশে পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা হবে।
বৃহস্পতিবার জাতীয় পরিসংখ্যান কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে অনুষ্ঠিত সভায় পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সভাপতিত্ব করেন।
সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, "আগামী ১৫-১৯ মার্চ দেশে পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা হবে। খারাপ আবহাওয়া না থাকলে এ তারিখ বহাল থাকবে।"
সর্বশেষ আদশুমারি ও গৃহগণনা হয়েছে ২০০১ সালের ২৩ থেকে ২৭ জানুয়ারি। ওই আমদশুমারি অনুযায়ী তখন দেশের জনসংখ্যা ছিল ১৩ কোটি ২০ লাখ।
জাতীয় পরিসংখ্যান কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুমোদনের জন্য শিগগিরই মন্ত্রীসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানান মন্ত্রী।
পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি বছরে পরিসংখ্যান বিভাগের এক জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার পরিমাণ ১৪ কোটি ২০ লাখ।
তিনি বলেন, "এবারের শুমারিতে মোট ২৫টি প্রশ্ন থাকবে। এর মধ্যে খানা (পরিবার) ও গৃহ সংক্রান্ত ১১ টি এবং ব্যক্তি সম্পর্কিত ১৪টি প্রশ্ন রয়েছে।"
তবে প্রশ্নের তালিকা থেকে বস্তি খানা, মোবাইল সংযোগ, জ্বালানির উৎস এবং খানার প্রধান আয়ের উৎস-এ চারটি প্রশ্ন বাদ দেওয়া হয়েছে।
সভায় প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বাদ দেওয়া প্রশ্নের মধ্যে অন্তত দুটিকে তালিকায় রাখার সুপারিশ জানিয়ে বলেন, "প্রশ্নের তালিকায় বস্তি খানা ও জ্বালানির উৎসের বিষয়টি অন্তর্ভূক্ত থাকতে পারে।"
সভায় কার্যপত্র উপস্থাপন করেন পরিসংখ্যান বিভাগের যুগ্ম সচিব কাজী আফতাব উদ্দিন আহমদ।
তিনি বলেন, "শুমারির তিন মাসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন, ১২ থেকে ১৫ মাসের মধ্যে সব জাতীয় প্রতিবেদন এবং দুই বছরের মধ্যে ১২৮টি জেলা প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে।"
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবিএম খোরশেদ আলম বলেন, "গত আদমশুমারিতে দেখা গিয়েছে তথ্য সংগ্রহে কোনো অসুবিধা না হলেও প্রতিবেদন প্রকাশের সময় সমস্যা হয়। তখন লোকবল পাওয়া যায় না। ছাপাখনাায় দেরি হয়।"
তাই প্রতিবেদন প্রকাশ তদারকি করার জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব করেন তিনি।
এবার এ ধরনের কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দেন পরিকল্পনামন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কিউএইচ/এজে/আরএ/১৪৩৪ ঘ.
bdnews24