ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় শহীদ মিনারে এক মিনিট নীরবতা পালন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।
২০০৬ সালের এ দিনে দিনাজপুরের ফুলবাড়ি কয়লা খনি প্রকল্প বাতিল এবং এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মিছিলে পুলিশ ও বিডিআর সদস্যদের গুলিতে তিনজন নিহত হয়। আহত হয় দুই শতাধিক মানুষ।
দিবসটি স্মরণ করতে এবার ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে।
ঢাকায় সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু হয়। প্রথমে সবাই এক মিনিট নীরবতা পালন এবং পরে পর্যায়ক্রমে শহীদ মিনারের মূল বেদীতে ফুল দেয়।
যেসব সংগঠন পুষ্পস্তবক অর্পন করে সেগুলো হচ্ছে- তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণংসহতি আন্দোলন, ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত), জাতীয় ফ্রন্ট, যুব মৈত্রী, ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও গ্রীন ভয়েজ।
এছাড়া ফুলবাড়ী ট্রাজেডিতে নিহতদের স্মরণে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন ছাত্র সংগঠন মিছিল করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এজে/১১৫৫ ঘ.
bdnews24