মোর্শেদুর রহমান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
দিনাজপুর, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মাধ্যমে বৃহস্পতিবার ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি প্রকল্প বাতিল এবং এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মিছিলে গুলিতে নিহত হয় তিনজন। আহত হয় দুই শতাধিক মানুষ।
রক্তাক্ত সে দিবসের প্রাক্কালে ফুলবাড়ীর মানুষ সেখানে কয়লাখনি করতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
দিবসটি স্মরণ করতে এবার ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, গণজমায়েত, শোক র্যালি, স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ ও শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল।
২০০৬ সালের ২৬ অগাস্ট ফুলবাড়ী রক্ষা কমিটি এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে নিহত হন সালেকীন (২০), তরিকুল (২১) ও আমিন (১৩)। আহত হন বাবুল চন্দ্র রায়সহ অন্তত দুইশ' মানুষ।
এ সময় বিক্ষুব্ধ জনতা এশিয়া এনার্জির স্থানীয় অফিস ভেঙে দেয়। তারপর শুরু করে লাগাতার হরতাল। পরে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের ছয়দফা সমঝোতার ভিত্তিতে হরতাল প্রত্যাহার করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ফুলবাড়ী রক্ষা কমিটির তৎকালীন নেতা বর্তমান ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সময় প্রায় দুইশ' মানুষ আহত হয়। এর মধ্যে গুলিবিদ্ধ ১৬ জনকে সরকার মোট সাত লাখ ৫৪ হাজার পাঁচশ' টাকা ক্ষতিপূরণ দেয়।
নিহত তিনজনের প্রত্যেকের পরিবারকে দেওয়া হয় দুই লাখ টাকা। এ ছাড়া দোকান ঘর ও বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি বাবদ দেওয়া হয় এক লাখ ৪৪ হাজার পাঁচশ' টাকা।
নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ বাবদ দেওয়া হয় চার লাখ টাকা।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ সুজাপুর গ্রামের ভ্যান চালক বাবুল রায় পঙ্গু হয়ে গেছেন। তিনি এখনো চিকিৎসাধীন।
আন্দোলনে নিহত সালেকীনের বাবা হাসেন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার ছেলে জীবন বিসর্জন দিয়ে ফুলবাড়ীকে রক্ষা করেছে। ফুলবাড়ী থেকে এশিয়া এনার্জিকে বিতাড়িত করেছে।
"আগামীতে ফুলবাড়ীর মাটিতে আবারো যদি উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের চেষ্টা করা হয় তাহলে আমরা যে কোনো মূল্যে তা প্রতিহত করব।
ফুলবাড়ী উপজেলা সদরের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মানিক সরকার ফুলবাড়ীবাসীর বর্তমান মনোভাব সম্পর্কে বলেন, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠন থেকে কয়লা উত্তোলনের বিভিন্ন পদ্ধতির কথা বলা হলেও ফুলবাড়ীবাসীর এক কথা জমি, বসতবাড়ি ও স্থাপনা ধ্বংস করে কোনোভাবে কয়লা উত্তোলন করতে দেওয়া হবে না।
জেলার ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ ও পার্বতীপুর উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার অংশ ফুলবাড়ী কয়লা প্রকল্প এলাকায় পড়েছে।
এশিয়া এনার্জির তৎকালীন তথ্য অনুযায়ী খনি বাস্তবায়ন করলে পাঁচ হাজার ৯৩৩ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্যে কৃষি জমির পরিমাণ চার হাজার ৭৬২ হেক্টর। খনির মেয়াদকালে প্রায় ৪০ হাজার মানুষ ও প্রায় ২০ হাজার স্থাপনা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।
ফুলবাড়ী আন্দোলনের একমাত্র পঙ্গু বাবুল রায়
বিডিআর ও পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ বাবুল রায় এখন পঙ্গু। হুইল চেয়ারে কাটে তার দিন। শরীরের অর্ধেক অংশ অবশ হওয়ায় হারিয়েছেন কর্মক্ষমতা।
স্ত্রী ও তিন শিশু সন্তানের ভবিষ্যত ভাবনার সঙ্গে সঙ্গে ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি নিয়ে ভাবনাও থেমে নেই।
হুইল চেয়ারে বসে তিনি বললেন, "আমার জীবন থাকতে ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়ন হতে দেব না। প্রয়োজনে আবারো রক্ত দেব।"
২০০৬ সালের ২৬ অগাস্টের স্মৃতিচারণ করে বাবুল রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিনের মতো সেদিন আর তিনি রিকশা ভ্যান বের করেননি। সকালে নাস্তা খেয়ে বাড়ি থেকে বের হয়ে এশিয়া এনার্জির অফিস ঘেরাও কর্মসূচিতে অংশ নেন।
বিকাল ৩টায় ফুলবাড়ীর ঢাকা মোড় থেকে খনি বিরোধী মিছিল শুরু হয়। ছোট যমুনা নদীর উপর সেতুর কাছে আসতেই পুলিশ ও বিডিআর একযোগে মিছিলে গুলিবর্ষণ করে। পিঠে গুলিবিদ্ধ হয়ে বাবুল রায় রাস্তায় পড়ে যান। তারপর আর কিছু মনে নেই।
এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও গণস্বাস্থ্য কেন্দ্রে ১১ মাস চিকিৎসা দেওয়া হয়। এখন হইল চেয়ারই কাটে সারাদিন।
তিনি বলেন, "আমি আর কোনোদিন দু'পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারব না। তিন ছেলেমেয়ে কীভাবে মানুষ হবে তাও জানি না।
"আমি এখন অক্ষম মানুষ। তাতে কোনো আক্ষেপ নেই। সান্ত্বনা হলো- এশিয়া এনার্জির কালো থাবা থেকে আপাততঃ আমরা ফুলবাড়ীবাসী মুক্তি পেয়েছি।"
বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ঘরবাড়ি ফাটল ও ভুমি ধ্বসের প্রসঙ্গ টেনে বাবুল রায় বলেন, "কোনো পদ্ধতিতেই আমাদের স্থায়ী সম্পদ ধ্বংস করে ফুলবাড়ীতে কয়লা খনি বাস্তবায়ন করতে দেওয়া হবে না।"
চার বছরেও হয়নি শহীদদের স্মরণে সৌধ
ফুলবাড়ী কয়লা খনিবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের জন্য তৎকালীন সরকারের দেওয়া চার লাখ টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার একাউন্টে পড়ে আছে। স্মৃতিসৌধ হয়নি।
ফুলবাড়ী রক্ষা কমিটির তৎকালীন আহবায়ক সাইফুল ইসলাম জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৎকালীন সরকারের সঙ্গে ছয়দফা সমঝোতা চুক্তির অন্যতম ছিলো আন্দোলনে নিহত আমিন, সালেকীন ও তরিকুলের স্মরণে সরকারি উদ্যোগে ফুলবাড়ীতে একটি স্মৃতিসৌধ নির্মাণ। সরকার সে দাবি মেনে চার লাখ টাকা বরাদ্দ দেয়। তবে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার একাউন্টে রয়েছে।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতাপ চন্দ্র বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার লাখ টাকা একাউন্টে রয়েছে। কিন্তু এই টাকা কীভাবে কোন কাজে ব্যবহার হবে সে বিষয়ে কোনো নোট নেই।
"আমি ফুলবাড়ী আন্দোলন কমিটির নেতাদের ইউএনও বরাবর একটি আবেদন করতে বলেছিলাম। কিন্তু তারা আর যোগাযোগ করেননি", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০৮৪৩ ঘ.
bdnews24