ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সব মাধ্যমিক স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের দিয়ে ডিজিটাল শিক্ষা উপকরণ তৈরিসহ শিক্ষা পদ্ধতিকে আরো আধুনিক করে তোলার সুপারিশ করা হয়েছে 'ডিজিটাল বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার' শীর্ষক খসড়া প্রস্তাবে।
বুধবার 'ডিজিটাল বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার: শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি'-শীর্ষক এক সংলাপে এ সুপারিশ করা হয়।
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে শিক্ষা ক্ষেত্রের অগ্রাধিকার নিয়ে খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেন একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী।
খসড়া প্রস্তাবে আরো বলা হয়, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বাজার উপযোগী তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণ, স্বল্পমূল্যে সব স্কুলে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ, শিক্ষার জন্য আলাদা বেতার এবং টেলিভিশন স্থাপন করা দরকার।
গণস্বাক্ষরতা অভিযানের প্রধান নির্বাহী রাশেদা কে চৌধূরী খসড়া প্রস্তাবের উপর আলোচনায় বলেন, "তথ্য প্রযুক্তি ব্যবহার করে উপ-আনুষ্ঠানিক ও প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এর অপব্যবহারও রোধ করতে হবে।"
শিক্ষা বিষয়ক কৌশলপত্রটি যেনো অবশ্যই শিক্ষা নীতির সঙ্গে সমন্বিত হয় সে বিষয়ে নজর দেওয়ার অনুরোধ করেন তিনি।
ইউএনডিপি'র অর্থায়নে যৌথভাবে এ সংলাপের আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ।
শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএএ/২১০০ঘ.
bdnews24