২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে জরিমানা

চট্টগ্রামে অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। এসব কেন্দ্রে চিকিৎসার নামে রোগীদের ওপর চালানো হয় নানা শারীরিক নির্যাতন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 05:32 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। এসব কেন্দ্রে চিকিৎসার নামে রোগীদের ওপর চালানো হয় নানা শারীরিক নির্যাতন। বুধবার নগরীর হালিশহরে দুটি কেন্দ্রে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এমন চিত্রই দেখতে পান। দুপুরে হালিশহরের ডিটি রোডে 'সুন্দর জীবন' ও 'লাইফ কেয়ার' এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিজনুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অভিযানে অংশ নেন। প্রতিষ্ঠান দুটিকে ২০ হাজার টাকা করে জরিমানা এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে আগামী এক মাসের মধ্যে লাইসেন্স নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাময় কেন্দ্র 'সুন্দর জীবন' দু'বছর আগে কোনো অনুমতি ছাড়াই ভাড়া বাসায় দুটি কক্ষে কাজ শুরু করে। সেখানে গিয়ে দেখা যায়, দুটি কক্ষে গাদাগাদি করে ৩০ জন রোগীকে রাখা হয়েছে। 'লাইফ কেয়ার' কেন্দ্রটিরও একই অবস্থা। সেখানে রোগীদের সুন্দর জীবনে ফিরে আসায় উদ্বুদ্ধ করতে নেই কোনো প্রশিক্ষিত ব্যক্তি। এছাড়া রোগীদের নানাভাবে নির্যাতনও করা হয়। এমনকি কেন্দ্রে রোগীদের মাদক সরবরাহ করা হয় বলেও রোগীর আত্মীয়-স্বজনদেও কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। অভিযানের পর ম্যাজিস্ট্রেট ফিজনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনুমতি ছাড়াই পরিচালিত কেন্দ্রগুলোতে অমানবিকভাবে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তারা চিকিৎসা প্রদানের ক্ষেত্রে কোনো নিয়ম-নীতি মানছে না। কেন্দ্রগুলোতে সিগারেট ও অন্যান্য মাদকও সরবরাহ করা হতো বলে রোগীর স্বজনদের কাছ থেকে আমরা জানতে পেরেছি।" তিনি আরো জানান, আগামী এক মাসের মধ্যে অনুমতি না নিলে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হবে। এছাড়া নগরীতে অনুমতি ছাড়া গড়ে ওঠা মাদক নিরাময় কেন্দ্রগুলোতে নিয়মিত অভিযান চালানো হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নগরীতে অনুমতি পাওয়া সাতটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে। আর সরকারি কেন্দ্র আছে একটি। এর বাইরে অনুমতি ছাড়া নগরীর হালিশহর, আগ্রাবাদ, চান্দগাঁও ও নাসিরাবাদে প্রায় ২০টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র গড়ে উঠলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি এগুলোর খোঁজ তাদের জানা নেই। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নগরীতে অনুমতি ছাড়া গড়ে ওঠা এই দুটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সংবাদ জানার পর আমরা অভিযান চালিয়েছি। এর বাইরে কোনো প্রতিষ্ঠান থাকলে ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/২৩৪০ ঘ.