২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাতকে ছিনতাই: পাথর বোঝাই-খালাস বন্ধ

সুনামগঞ্জের ছাতকে পাথর ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় অনির্দিষ্টকাল বার্জ ও কার্গোতে পাথর বোঝাই ও খালাস বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 05:30 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

সুনামগঞ্জ, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের ছাতকে পাথর ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় অনির্দিষ্টকাল বার্জ ও কার্গোতে পাথর বোঝাই ও খালাস বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। বুধবার দুপুর থেকে সুরমা নদীর ঘাটে বার্জ ও কার্গোতে পাথর বোঝাই ও খালাস করছেন না ব্যবসায়ীরা। আগেরদিন সিলেটের কোম্পানীগঞ্জের সাইফুর রহমান কলেজ এলাকায় ব্যবসায়ী সাব্বির আহমেদের কাছ থেকে দেড় লাখ টাকা ও আবু লেইছের কাছ থেকে এক লাখ ৫৭ হাজার টাকা ছিনতাই হয় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত পাথর বোঝাই ও খালাস বন্ধ থাকবে। তিনি জানান, ছিনতাইয়ের ঘটনার পর ছাতকের ব্যবসায়ী নেতারা মঙ্গলবার রাতে বৈঠক করেছেন। এতে ছিনতাইকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ছাতক ও সালুটিকর এলাকায় বার্জ, কার্গো ও নৌকায় পাথর বোঝাই ও খালাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া ব্যবসায়ীদের ভোলাগঞ্জ, উৎমা ও বিছনাকান্দি এলাকা থেকে পাথর আনতে না যাওয়ার আহ্বান জানিয়ে শহরে মাইকিং করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১৪ ঘ.