২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা পৌর মেয়রের 'দুর্নীতি'র তদন্ত শুরু

মাগুরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায়ের বিরুদ্ধে 'দুর্নীতি'র তদন্ত শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 03:56 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

মাগুরা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায়ের বিরুদ্ধে 'দুর্নীতি'র তদন্ত শুরু হয়েছে। বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন) আখতার হোসেন কয়েকজনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে তদন্ত কাজ শুরু করেন। গোপন টেন্ডার, নিয়োগ বাণিজ্য, ট্যাক্স বৃদ্ধিসহ নানা দুর্নীতির অভিযোগে জেলা নাগরিক কমিটির লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এ তদন্তের ব্যবস্থা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ১৮ অগাস্ট এই মন্ত্রণালয় বরাবর দেওয়া জেলা নাগরিক কমিটির সভাপতি গোলাম রব্বানি, আব্দুল লতিফ ও কাজী মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক অভিযোগে এসব দুর্নীতির কথা জানানো হয়। অভিযোগে বলা হয়, পৌরসভার উন্নয়নের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ করা বিপুল অর্থের কাজ গোপন টেন্ডারের মাধ্যমে মেয়র নিজের লোকদের দিয়ে করাচ্ছেন। মেয়র পৌরসভার ২৮ জন কর্মচারী নিয়োগের সময় প্রত্যেক প্রার্থীর কাছ থেকে পাঁচ লাখ টাকা করে ঘুষ নিয়েছেন। তদন্ত কর্মকর্তা আখতার হোসেন বুধবার দুপুর পর্যন্ত নাগরিক কমিটির সদস্য ও পৌর পরিষদের সদস্যদের সাক্ষ্য নেন। আখতার হোসেন সাংবাদিকদের জানান, "পৌর পরিষদের ১১ জন কাউন্সিলরসহ নাগরিক কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেছি। মেয়রের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কোনো দালিলিক প্রমাণ এখনো পাইনি।" এ ব্যাপারে ভারপ্রাপ্ত মেয়র বলেন, "নাগরিক কমিটির সম্পাদক আবু রেজা নান্টু আগে অনেকবার আমার কাছে ঠিকাদারি কাজ চেয়ে ব্যর্থ হয়েছেন। "কিছুদিন আগে তিনি পৌরসভার অনুমোদিত নক্শা ছাড়া আদর্শ ডিগ্রি কলেজে একটি মার্কেট নির্মাণ শুরু করেন। বিধি মোতাবেক নক্শা অনুমোদন না করায় তাকে নোটিশ পাঠানো হয়। এছাড়া বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হলে কাজটি বন্ধ করে দেওয়া হয়। "এ কারণে তিনি নাগরিক কমিটি গঠন করে আমার বিরুদ্ধেকাজে লাগানোর চেষ্টা করছেন।" মেয়র আরো জানান, গত ১৬ অগাস্ট নান্টু পৌর প্রোকৌশলী আব্দুল বারীর কাছ থেকে অফিসের কিছু কাগজপত্র ছিনিয়ে নেন। এ বিষয়ে ওই প্রোকৌশলী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৪ ঘ.