২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২

রাজধানীর পল্লবী থেকে অস্ত্র ও গুলিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 03:55 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবী থেকে অস্ত্র ও গুলিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে সাতজন পেশাদার চাঁদাবাজ ও ছিনতাইকারী এবং অপর পাঁচজন ডাকাত দলের সদস্য। বুধবার পল্লবী থানায় এক সংবাদ সম্মেলনে ওসি ইকবাল হোসেন জানান, মঙ্গলবার বিকালে ১১ নম্বর সড়কের পাঁচ নম্বর বাড়ির সামনে থেকে সাতজনকে আটক করা হয়। এরা হলেন সাজিদ হোসেন (২২), মো. হাসান (২৩), আব্দুর রহিম বাবু (২০), এনায়েত করিম মুন (২০), মো. হাবিব (১৮), মো. রাজিব (২১) ও রাকিব (২২)। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরা সবাই চিহ্নিত চাঁদাবাজ ও ছিনতাইকারী দলের সদস্য বলে ওসি জানান। একইদিন রাত নয়টায় ১১/বি সড়কের একটি নির্মাণাধীন বাড়ি থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন রবিউল হক (৩২), জাহিদ হোসেন (২৬), মোঃ খোরশেদ (২৪), মিঠুন (১৮) ও আব্দুল্লাহ আল মতি (৩৪)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। এরা সবাই ডাকাতি প্রস্তুতির জন্য নির্মাণাধীন ওই বাড়িতে জড়ো হয়েছিলো বলে পুলিশের দাবি। মলমপার্টির চার সদস্য গ্রেপ্তার একটি ব্যক্তিগত গাড়িসহ বুধবার ছিনতাইকারী মলমপার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। এরা হলেন সবুজ (৩০), কুদ্দুস (৪১) ও লিটন (৩২)। মিরপুর থানার উপ-পরিদর্শক গোলাম নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে কল্যাণপুর ওভারব্রিজের কাছ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের কাছ থেকে চোখে লাগানোর দুই কৌটা মলম এবং দুটি চাপাতি উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএনএস/এইচএ/২১৪০ ঘ.