সিরাজগঞ্জ, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ ও পাবনায় বুধবার আরো ২৫ জনের শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু সনাক্ত হয়েছে।
এরমধ্যে রয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর, বেলকুচি, কামারখন্দ ও তাড়াশ উপজেলায় ১২ জন এবং পাবনার ফরিদপুরে ১৩ জন। তাড়াশ ও ফরিদপুরে এর আগে এ রোগ ধরা পড়েনি।
এ নিয়ে এই দুই জেলায় মোট ১৬৩ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ল।
সিরাজগঞ্জে বুধবার সনাক্ত হয়েছেন- শাহজাদপুরের কামালপুর গ্রামের আব্দুল খালেক (৪০), আব্দুল হান্নান (৩০), মাসুদ আলী (১৮), বুজরক আলী (৩৫), বেলকুচির গয়নাকান্দি গ্রামের আজিজুল ফকির (২২), তাড়াশের চর-রসুল্লাপুর গ্রামের হায়দার আলী (২৮), কামারখন্দ উপজেলার ঠাকুর-ঝি-পাড়া গ্রামের সায়রা বানু (৩৫), ইব্রাহীম (২২), ঝামেলা বেওয়া (৫৫), আবু বকর সিদ্দিক (১৮), আবু আখন্দ (২০) ও শফিকুল (২০)।
কামারখন্দের এই ছয়জন গ্রামের একটি অসুস্থ গরুর মাংস খেয়ে বা সংস্পর্শে আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় থেকে জেলা সেনিটারি ইন্সপেক্টর রামচন্দ্র সাহা
জানান, বিভিন্ন উপজেলায় এ রোগের প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে গণসচেতনতামূলক মত বিনিময় অনুষ্ঠান অব্যাহত রয়েছে।
দুপুরে বেলকুচি ও কামারখন্দ উপজেলায় আলাদাভাবে স্বাস্থ্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মীদের নিয়ে আ্যনথ্রাক্স'র উপর ওরিয়েন্টশন প্রোগ্রাম করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সেলিনা রহমান ও বাংলাদেশ রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সুবোধ কুমার কুণ্ডু ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শফিউল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও কর্মীদের সমন্বয়ে গঠিত ৩৭টি টিম আগামী দুই সপ্তাহের মধ্যে আক্রান্ত এলাকার সব গবাদিপশুর টিকা দেওয়া নিশ্চিত করবে।
পাবনার ফরিদপুর উপজেলার আক্রান্ত ১৩ জন হলেন- বিলচান্দক গ্রামের রহমত আলী (৪৫), শাহ আলম (৩৮), দুখু মিয়া (৩৬), নাছিমা খাতুন (৩০), মোহাম্মদ আলী (৪২), রিপন সরকার (৩০), রবিউল ইসলাম (৪৩), ছোহরাব প্রামাণিক (২৫), আতোয়ার সরকার (৩৩), শিউলি খাতুন (৩৫), শাহেরা খাতুন (৩০), আহাদ মোল্লা (৫৫) ও মোক্তার মোল্লা (৫০)।
ফরিদপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা দিরাজুল ইসলাম এ তথ্য জানান।
আক্রান্তদের দেখতে বাংলাদেশ রোগতত্ত্ব ও রোগ-নিয়ন্ত্রণ ইন্সটিটিউট (আইইডিসিআর) ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের বিষেশজ্ঞদের নিয়ে বিকালে ঘটনাস্থলে যাওয়া হবে বলেও তিনি জানান।
তবে পাবনার সিভিল সার্জন কে এম আশরাফুজ্জামান জানিয়েছেন, নতুন আক্রান্তদের ব্যাপারে তার কাছে কোনো তথ্য আসেনি।
অ্যানাথ্রাক্স বা তড়কা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা না থাকায় ভীত না হওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আশরাফুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/ডিডি/১৯৩৭ ঘ.
bdnews24