চট্টগ্রাম, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাকলিয়ায় মঙ্গলবার রাতে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।
রাত সাড়ে ১০ টায় বাকলিয়া থানার মাস্টারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) শাহনেওয়াজ খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাস্টারপুলের পাশে বাদামতলী এলাকায় একটি শিশুকে অপহরণ চেষ্টার অভিযোগ এনে ওই নারীকে এলাকাবাসী পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা শাহনেওয়াজ।
গত এক সপ্তাহে চট্টগ্রামে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো বেশ কিছু গণপিটুনির ঘটনায় কয়েকজন আহত হন। এসব ঘটনার পর পুলিশের তদন্তে দেখা গেছে, পিটুনির শিকার হতাহতদের সবাই নিরীহ মানুষ।
উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দাবি, কোনো একটি মহল ছেলেধরা আতংক ছড়িয়ে গণপিটুনির ঘটনার মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টা চালাচ্ছে।
ছেলেধরার গুজব থেকে গণপিটুনির মতো ঘটনা যাতে না ঘটে সেজন্য নগরীর ১২ টি থানায় এবং জেলার ১৪ উপজেলায় প্রশাসন গত সোমবার থেকে মাইকে প্রচারণা শুরু করেছে। এছাড়া গুরুত্বপূর্ণ ছয়টি থানা এলাকায় এজন্য অতিরিক্ত ৮০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে আবারো একই ঘটনা ঘটলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/২৩৫৫ঘ.
bdnews24