ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালেহ আহমেদ পদত্যাগ করেছেন।
মঙ্গলবার রাতে ডেসকো বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সিদ্দিক বীর বিক্রম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
গত বৃহস্পতিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন বলে জানান ডেসকো চেয়ারম্যান।
তবে সালেহ আহমেদের মোবাইল নাম্বারে ফোন করা হলে তার স্ত্রী নিজের নাম প্রকাশ না করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবসরের মাত্র চার মাস বাকি থাকতে রাজনৈতিক চাপের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। পদত্যাগের পর তিনিঅসুস্থ হয়ে পড়েছেন।"
সালেহ আহমেদ কেন পদত্যাগ করেছেন জানতে চাইলে চেয়ারম্যান বলেন, "তাকে অপসারণ করা হয়েছে বলে আমার জানা নেই। তিনি পদত্যাগ করেছেন।"
শাহজাহান বলেন, "সালেহ আহমেদের পদত্যাগপত্র বোর্ড গ্রহণ করেছে। বর্তমানে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করছেন কুদরাত-ই খোদা। জ্যেষ্ঠ পরিচালক মনজুর রহমান বিদেশ থেকে ফিরলে তিনি ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৫৫ ঘ.
bdnews24