২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিকেলে কর্মবিরতি কর্মসূচি

একজন শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসকরা বুধবার থেকে এক ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

রংপুর, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একজন শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসকরা বুধবার থেকে এক ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি দিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত চারদিন এই কর্মসূচি পালন করবে তারা। এর মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে তারা লাগাতার কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার মেডিকেল কলেজ মিলনায়তনে শিক্ষক ও চিকিৎসকদের যৌথসভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন অধ্যক্ষ ডা. আব্দুর রউফ। তিনি সাংবাদিকদের বলেন, আশা করি প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে হাসপাতাল থেকে রিকশায় করে হাসপাতাল ক্যাম্পাসের বাসায় ফেরার সময় দুর্বৃত্তরা ফার্মাকোলজি বিভাগের শিক্ষক ডা. জাকিরুল ইসলাম লেলিনকে মারধর করে। আহত অবস্থায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে বিক্ষোভ মিছিল ও অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে। তারা সভা করে ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানায়। মঙ্গলবারের সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ডা. আব্দুর রউফ। সভায় হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। সেইসঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা দিতে পুলিশের ব্যর্থতার নিন্দা জানানো হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের কর্মবিরতি কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও শিক্ষানবিশ শিক্ষক সমিতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২১ ঘ.