ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা ও সিরাজগঞ্জের তিন উপজেলায় মঙ্গলবার আরো ১৮ জনের শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণ ধরা পড়েছে।
এ নিয়ে দুই জেলায় মোট ১৩৮ জন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত করা হল।
মঙ্গলবার পাবনায় সনাক্ত তিনজন হলেন- সাঁথিয়া উপজেলার ছোট পাথাইল হাট গ্রামের স্বপ্না খাতুন (৩২), বড় পাথাইলহাট গ্রামের শরিফুল ইসলাম (৪০) ও কবির হোসেন (৫০)।
সিরাজগঞ্জে ১৫ জন হলেন- কামারখন্দ উপজেলার ধোপাকান্দি গ্রামের সাবিনা ইয়াসমিন (২৫), শওকত মণ্ডল (৫০), কাজলি বেগম (৪৫), ইতি খাতুন (৮), ইয়াসমিন (৮), সুমন দাস (৩২), বেলকুচির আদাচাকি উত্তরপাড়া গ্রামের আব্দুস সালাম (১০), আশামনি খাতুন (১৩), গয়নাকান্দি গ্রামের শরিফা খাতুন (২৬), হাসান (১৮), হোসেন (২০), মাসুদ (১২), জাহিদুল (২০), মজনু (৪৫), ও হাসনা খাতুন।
সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয় আক্রান্তের খবর নিশ্চিত করে জানায়, রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও জনসচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে।
পাবনার সিভিল সার্জন ডা. মো. আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধিকে বলেন, "এই রোগে মৃত্যুর আশঙ্কা নেই।" তিনি এলাকাবাসীকে সন্ত্রস্ত না হওয়ার আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সকালে বাংলাদেশ রোগতত্ত্ব ও রোগ-নিয়ন্ত্রণ ইন্সটিটিউট (আইইডিসিআর) ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ'র (আইসিডিডিআর,বি) ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল কামারখন্দ ও বেলকুচি উপজেলার উপদ্রুত অঞ্চলে নমুনা সংগ্রহে এসেছেন।
আইইডিসিআর'র পরিচালক ডা. মাহমুদুর রহমান জানান, আগের কেসগুলি আবারো খতিয়ে দেখা এবং দলের লোকজন সঠিকভাবে নমুনা সংগ্রহ ও ফলোআপ কর্মসূচি পালন করতে সক্ষম হচ্ছে কি-না তা দেখার জন্য তিনি এসেছেন।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নূরল ইসলাম তালুকদার ও পাবনার সিভিল সার্জন ডা. এম আশরাফুজ্জামান সারাদিন ওই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবু হাদী মো. নূর নবী ফোনে জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর ও পাবনার সাঁথিয়া থেকে আনা আক্রান্ত রোগীর ক্ষতস্থানের নমুনা পরীক্ষা করে 'ব্যাসিলাস আ্যনথ্রাসিস' বা তড়কা রোগের জীবাণু পাওয়া গেছে।
গত ২৯ জুলাই অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে এবং মাংসের সংস্পর্শে এসে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চিথুলিয়া গ্রামের বেশ ক'জনের দেহে রোগটির সংক্রমণ ঘটে।
গত ১৯ অগাস্ট ওই গ্রামের ২৬ জনের দেহে প্রথম অ্যানথ্রাক্স সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।
ওই সব এলাকায় ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরা নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। নমুনায় আ্যনথ্রাক্স পাওয়া গেলে তা থেকে টিকা তৈরির প্রক্রিয়া করা হবে বলে তারা জানান।
আইইডিসিআর প্রতিনিধি দলের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সুবোধ কুমার কুণ্ডু জানান, ইতোমধ্যে ঢাকার ইনস্টিটিউট অব এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর) ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআরবি) সংক্রমিত কয়েকজনের রক্তের নমুনা, গরু জবাইয়ের স্থান, হাড়গোড় ও গোয়াল ঘরের মাটি পরীক্ষার জন্য সংগ্রহ করেছেন।
এই রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ার সুযোগ নেই। ইতোমধ্যে জনসচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
মিল্কভিটা কোম্পানি লিমিটেড'র নিয়ন্ত্রণাধীন বাঘাবাড়ি দুগ্ধ উৎপাদন কারখানার আওতায় সিরাজগঞ্জ ও পাবনায় বহু গরুর খামার রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২০০৬ ঘ.
bdnews24