ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি ও ফেনীতে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ছয়জন মারা গেছে।
রাঙামাটির চন্দ্রঘোনার সেলপাড়ায় দুপুর তিনটার দিকে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারা যায় তিনজন।
ফেনীর চাড়িপুর বিসিক সড়ক এলাকায় বিকালে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও ফেনী প্রতিনিধির পাঠানো খবর:
রাঙামাটি: চন্দ্রঘোনা থানার ওসি রফিকুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঙ্গালহালিয়ার সেলপাড়া এলাকায় পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলেই অটোরিকশার চালক মো. শহীদুল্লাহ এবং যাত্রী সিটি ব্যাংক রাউজান নোয়াপাড়া শাখার নিরাপত্তাকর্মী নূরুল ইসলাম ও বাসনা দে মারা যান।
আহত অপর যাত্রী জসিম উদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে এর চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে ওসি জানান।
এ ঘটনায় চন্দ্রঘোনা থানায় মামলা হয়েছে।
ফেনী: পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের চাড়িপুর বিসিক সড়কের মাথায় ঢাকা থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে এর চালক ও দুই যাত্রী মারা যায়।
এর হলেন- ফেনী সদর উপজেলার দেবীপুর গ্রামের আলম (৩৫), মোহাম্মদ আলী বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৬০) ও বাথানিয়া গ্রামের অটোরিকশাচালক সুমন (৩২)।
তারা ফেনী থেকে বাড়ি যাচ্ছিলেন।
মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ বাসটি আটক করেছে। এ ঘটনায় মামলা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএসবি/২০০৪ ঘ.
bdnews24