ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. মোস্তাফিজুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ মোস্তাফিজুরের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদনের প্রেক্ষিতে এ রায় দেয়।
রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানান।
জলমহালের ইজারা নিয়ে দেওয়া নির্দেশ অমান্য করায় আদালত অবমাননার দায়ে রোববার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরদিন সোমবার তিনি আদালতে হাজির হন।
মঙ্গলবার আদালত রিট আবেদনকারীর কাছ থেকে ওই জলমহালের ইজারার খাজনা নিতেও ডিসি মোস্তাফিজুরকে নির্দেশ দেয়।
মোস্তাফিজুরের পক্ষে ক্ষমা প্রার্থনার আবেদন করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।
জলমহালের ইজারা নিয়ে মৌলভীবাজারের জনৈক মো. জিল্লুর মিঞার দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট গত ২১ এপ্রিল মৌলভীবাজারের জেলা প্রশাসককে ওই জলমহালের খাজনা তার কাছ থেকে নিতে নির্দেশ দেয়।
হাইকোর্টের ওই আদেশ জেলা প্রশাসক অমান্য করেছেন অভিযোগ এনে জিল্লুর মিঞার দায়ের করা আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে গত ১১ অগাস্ট আদালত অবমাননার রুল জারি করে। হাইকোর্ট তাকে ২২ অগাস্ট সশরীরে আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেয়।
জেলা প্রশাসক নির্ধারিত তারিখে হাইকোর্টে হাজির হননি। সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার তাকে আদালতে হাজির হওয়ার বিষয়টি জানালে জেলা প্রশাসক তার সঙ্গে 'খারাপ ব্যবহার করেন। 'এটা কোন আদালত, আদালত' বলেও ওই জেলা প্রশাসক ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।
নজরুল ইসলাম তালুকদার বিষয়টি আদালতে জানালে হাইকোর্ট মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/পিডি/১৮১৮ ঘ.
bdnews24