ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বক্তব্যকে মিথ্যাচার বলে অভিহিত করেছে বিএনপি।
মঙ্গলবার বিকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, '' স্বরাষ্ট্রমন্ত্রী সঠিক কথা বলেননি। তিনি মিথ্যাচার করেছেন। তারেক রহমান উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
"কোকোকে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সাময়িক মুক্তি দেওয়া হয়। তারা দুজনই অসুস্থ এবং বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। অথচ তাদের নিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে যেভাবে বক্তব্য রাখা হচ্ছে তা কুরুচিপূর্ণ।''
সরকারের সংশ্লিষ্টদের এ রকম মন্তব্য থেকে বিরত থাকার আহবান জানান তিনি।
ব্যাংককে চিকিৎসাধীন আরাফাত রহমানের বিষয়ে মির্জা ফখরুল জানান, তার অসুস্থতা ও চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
এর আগে দুপুরে সচিবালয়ে হজযাত্রীদের পাসপোর্ট সংক্রান্ত এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, "তারেক ও কোকো দুজনই মুক্তির কোনো শর্ত মানছেন না।
"কোকোর সাময়িক মুক্তি (পারোল) বাতিল করা হয়েছে আইনসম্মতভাবেই। তাকে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল। তাকে তো সেই শর্ত মানতে হবে। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে।"
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, "আমরা তো ভেবেছিলাম কোকো সত্যিই অসুস্থ। তিনি বিদেশে চিকিৎসা নিচ্ছেন। খালেদা জিয়ার দুই ছেলেই অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসা নিচ্ছেন। তাদেরকে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু তারা কেউই কোন শর্ত মানছে না।"
তিনি বলেন, "আরাফাত রহমান কোকো বিদেশে চিকিৎসার কথা বলে কুয়ালালামপুর ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন বলে আমরা জেনেছি। তবে তারা দেশে ফিরছেন না কেন? তারা কি মামলা থেকে রক্ষা পেতেই বিদেশে অবস্থান করছেন?"
স্বরাষ্ট্রমন্ত্রীর এসব বক্তব্যকে বিএনপি নেতা মির্জা ফখরুল কুরুচিপূর্ণ বলে কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, '' প্রধানমন্ত্রীও সোমবার নানা কথা বলেছেন। আজ স্বরাষ্ট্রমন্ত্রী একই সুরে কথা বললেন। এসব বক্তব্য অসত্য ও বানোয়াট। আমরা এ ধরনের বক্তব্যের নিন্দা জানাচ্ছি।''
বৃহস্পতিবার বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি বাতিল করে তাকে ৩১ অগাস্টের মধ্যে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়।
গত ১৪ অগাস্ট তার সাময়িক মুক্তির মেয়াদ শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/১৮০২ ঘ.
bdnews24