২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরের বিরুদ্ধে মামলার শুনানি ১১ অক্টোবর

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও প্রকাশক হাসমত আলীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার পরবর্তী শুনানির তারিখ ১১ অক্টোবর নির্ধারণ করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 05:20 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও প্রকাশক হাসমত আলীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার পরবর্তী শুনানির তারিখ ১১ অক্টোবর নির্ধারণ করেছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচাপতির পুর্ণাঙ্গ বেঞ্চ এই তারিখ নির্ধারন করেন। শুনানিতে মাহমুদুর রহমান বলেন, "এ মামলায় আদালতের আদেশের কপি এখনোও পাইনি। পেলে আদেশের জবাব দিব। এজন্য সময়ের প্রয়োজন।" অপরদিকে প্রকাশক হাসমত আলীর পক্ষে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া নিঃশর্ত ক্ষমা প্রার্থণার আবেদন করেন। গত ১৭ আগস্ট মাহমুদুর রহমান এবং হাসমত আলীর বিরুদ্ধে রুল জারি করেছে আপিল বিভাগ। আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে না ২৪ অগাস্টের মধ্যে তার কারণ জানানোর জন্য ওই দিন নির্দেশ দেওয়া হয়। গত ১০ মে দৈনিক আমার দেশ পত্রিকায় মাহমুদুর রহমান 'স্বাধীন বিচারের নামে তামাশা' শিরোনামে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দুই আইনজীবি রিয়াজ উদ্দিন খান ও কাজী মাইনুল হাসান গত ৮ অগাস্ট মাহমুদুর রহমান ও হাসমত আলীর বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলা করেন। এই দুই আইনজীবির পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্তি এটর্নি জেনারেল এন কে রহমান। এদিকে, গত ১৯ অগাস্ট আরেকটি আদালত আবমাননার মামলায় আপিল বিভাগ মাহমুদুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড দেয় এবং হাসমত আলীকে ১০ হাজার টাকা জরিমানা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১১১৬ ঘ.