ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন দল।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক গুরুতর আহত হন।
তিনদিন পর ২৪ অগাস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। ওই হামলায় আরো ২৩ জন নিহত এবং কয়েকশ' আহত হন।
মঙ্গলবার সকাল সোয়া ১০টায় রাজধানীর বনানী কবরস্থানে দলের কেন্দ্রীয় নেতারা বতর্মান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রয়াত স্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে মিলাদ মাহফিল ও মোনাজাত করা হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের এ কর্মসূচিতে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএনএস/এইচএ/২৩০০ ঘ.
bdnews24