রাঙামাটি, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানে পার্বত্য চট্টগ্রামকে স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা ও ক্ষুদ্র জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
সোসবার নানিয়ারচর ও কাউখালী উপজেলায় এ কর্মসূচি ছিল।
এ সময় পুলিশ ও সেনা সদস্যরা তাদের বাধা দেয় বলে এক বিবৃতিতে অভিযোগ করেছে ইউপিডিএফ।
ইউপিডিএফ দাবি করেছে কর্মসূচি চলাকালে পাঁচজনকে আটক করেছে। কিন্তু প্রশাসন থেকে বলা হয়, পুলিশ ও সেনারা তিন জনকে আটক করেছে।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নানিয়ারচরে ব্যানার, ফেস্টুন ও চাদাঁ আদায়ের রশিদ বইও নিয়ে গেছে।
ইউপিডিএফ'র প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত ওই বিবৃতিতে অভিযোগ করা হয়, সকালে নানিয়ারচর উপজেলা সদরে তাদের একটি বিক্ষোভ-মিছিলে পুলিশ ও সেনা সদস্যরা বাধা দেয়।
তারা সমাবেশস্থলে যেতে চাইলে হিল উইমেন্স ফেডারেশন নেত্রী যুথিকা চাকমা, ইউপিডিএফ নেতা তাপুমনি চাকমা, বিলাস চাকমা, বাবলু চাকমা, ইথন চাকমাকে আটক করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, সকালে কাউখালী উপজেলা সদরে খাদ্যগুদাম এলাকায় পৌঁছলে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। এতে মিছিলটি এগুতো না পারলে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফের কাউখালী শাখার নেতা পুলক জ্যোতি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক প্র"শিংথোয়াই মার্মা ও কেন্দ্রীয় সদস্য ঝন্টু চাকমা।
বিবৃতিতে কর্মসূচিতে বাধা দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটকদের মুক্তি দাবি করা হয়।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হাই বলেন, ইউপিডিএফের বিলাস চাকমা, তাপুমনি চাকমা ও বাবলু চাকমাকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ব্যানার, ফেস্টুন, লিফলেট ও চাঁদা আদায়ের রশিদ বইও জব্দ করা হয়।
এদিকে খাগড়াছড়ি প্রতিনিধি জানান, একই দাবিতে খাগড়াছড়ি জেলা সদরেও ইউপিডিএফ বিক্ষোভ মিছিল করেছে।
বিকেল সাড়ে ৩টায় বিক্ষোভ মিছিলটি নারানখিয়া এলাকা থেকে শুরু হয়ে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৬ ঘ.
bdnews24