মুন্সীগঞ্জ, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে প্রবাসী শিল্পপতি হত্যার ঘটনায় সোমবার পুলিশ তার স্ত্রীসহ দু'জনকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন- নিহত মোশারফ হোসেনের (৪০) স্ত্রী রেশমা আক্তার ও ফারুক ওরফে বগা ফারুক (৩০)।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি এলাকায় নিজ বাড়ি থেকে বগা ফারুককে এবং উত্তর যাত্রাবাড়িতে মোশারফের শ্বশুরবাড়ি থেকে রেশমাকে ধরা হয় বলে পুলিশ জানিয়েছে।
গত ১০ অগাস্ট মুন্সীগঞ্জ শহরে লিচুতলা সংলগ্ন নতুন বাসস্ট্যান্ডে গুলি করে মোশারফ হোসেনকে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন নিহতের মা হাজেরা খাতুন মুন্সীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, রেশমার সঙ্গে মোশারফের সৎ ভাই বেলায়েত হোসেনের অনৈতিক সম্পর্ক ছিল বলে মামলায় উল্লেখ করা হয়।
তিনি জানান, ফারুক ও রেশমা বর্তমানে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ হেফাজতে রয়েছে।
বেলায়েত ভারাটে খুনি দিয়ে মোশারফকে খুন করে। এই হত্যাকাণ্ডে জড়িত বেলায়েতসহ আরো তিন জনকে পুলিশ খুজছে বলে তিনি জানান।
ফারুকের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো জানান, জিজ্ঞাসাবাদে ফারুক পুলিশকে বলেছে, বেলায়েতসহ তারা চারজন হত্যাকাণ্ডে অংশ নেয়। দু'টি মোটরসাইকেলে তারা গত ১০ অগাস্ট মুন্সীগঞ্জ যায়।
পুলিশ সুপারিনটেনডেন্ট মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোবাইল ফোনের কললিস্টে দেখা যায়, রেশমা তার দেবর বেলায়েতের সঙ্গে মধ্যরাতে ঘণ্টার পর ঘণ্টা কথা বলেছে। তদন্তে আরো অনেক কিছু পাওয়া গেছে।
অপর আসামিদের গ্রেপ্তারের পর আরো তথ্য পাওয়া যাবে বলে তিনি জানান।
গ্রিসে মোশারফের নিজের গার্মেন্টস কারখানা রয়েছে। গত ৮ অগাস্ট তিনি দেশে আসেন। ১০ আগস্ট সকালে তিনি শ্বশুড় বাড়ি যান তাদের সঙ্গে দেখা করতে। সেখান থেকে আসার সময় দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৬ ঘ.
bdnews24